ঢাকা, সেপ্টেম্বর ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ৩১তম বিসিএসের চূড়ান্ত ফলাফলে স্থগিত রাখা ৫৭ জনকে নিয়োগের সুপারিশ করেছে সরকারি কর্ম কমিশন (পিএসসি)।
সোমবার কমিশনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, কমিশন গঠিত তদন্ত কমিটির কাছে ৫৭ প্রার্থীর কাগজ ও সনদপত্র যথাযথ বিবেচিত হওয়ায় তাদের নিয়োগের সুপারিশ করা হয়েছে।
সাধারণ ক্যাডারের মধ্যে প্রশাসনে পাঁচজন, পরিবার পরিকল্পনায় দুজন এবং পুলিশ, ইকোনমিক, তথ্য ও কর ক্যাডারে একজনকে নিয়োগের সুপারিশ করা হয়েছে।
এছাড়া প্রফেশনাল ক্যাডারের মধ্যে স্বাস্থ্যে ২৮ জন, পরিসংখ্যানে দুজন, প্রাণীসম্পদে ১৫ জন এবং সাধারণ শিক্ষা ক্যাডারে তিন জনকে নিয়োগের সুপারিশ করেছে পিএসসি।
তথ্য বিভ্রাট বা প্রশাসনিক কারণে ৩১তম বিসিএসের চূড়ান্ত ফলাফলে ৬০ জনের ফল স্থগিত রাখা হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, স্বাস্থ্য পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পর যথাযথ এজেন্সি প্রাক নিয়োগ জীবন বৃত্তান্ত যাচাইয়ের পর সংশ্লিষ্ট মন্ত্রণালয় তাদের নিয়োগ দেবে।
গত ৮ জুলাই ৩১তম বিসিএস পরীক্ষার চূড়ান্ত ফল প্রকাশিত হয়। লিখিত ও মৌখিক পরীক্ষায় ৫ হাজার ৪৮৯ জন উত্তীর্ণ হলেও ২ হাজার ৭২ জনকে নিয়োগের জন্য সুপারিশ করে পিএসসি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসআই/এমআই/১৯৩১ ঘ.
bdnews24