মেহেরপুর, সেপ্টেম্বর ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মেহেরপুরে বাস চালককে মারধরের জেরে সোমবার আবারও অনির্দিষ্টকালের ধর্মঘটের ডাক দিয়েছে বাস শ্রমিকরা।
এরর আগে ১৯ সেপ্টেম্বর এক শ্রমিক নেতাকে মারধরের প্রতিবাদে ২১ সেপ্টেম্বর পর্যন্ত বাস চলাচল বন্ধ থাকে। ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেপ্তারের আশ্বাসে ২২ সেপ্টেম্বর থেকে বাস চলাচল শুরু করে।
মেহেরপুর জেলা বাস শ্রমিক ইউনিয়নের সভাপতি আব্দুল কুদ্দুস বলেন, এক অটোবাইক চালক আরেক বাস চালককে মারধর করলে তার মাথা ফেটে যায়। মাথায় ১০টি সেলাই দিয়ে তাকে মেহেরপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এই ঘটনার বিচার ও অবৈধ যানবহন চলাচল বন্ধ না হওয়া পর্যন্ত বাস চলাচল বন্ধ থাকবে।
তিনি অভিযোগ করেন- অটোবাইক, আলমসাধু, নছিমনসহ অবৈধ যান বন্ধে পরিবহন শ্রমিকরা দীর্ঘদিন ধরে আন্দোলন করে আসছে। কিন্তু এসব বন্ধে প্রশাসন কোনো উদ্যোগ নিচ্ছে না।
এদিকে নাম প্রকাশে অনিচ্ছুক মেহেরপুর জেলা বাস মালিক সমিতির এক নেতা বলেন, মালিকদের সঙ্গে আলোচনা না করে বাস শ্রমিকরা খেয়াল খুশী মতো ধর্মঘট ডাকে। ফলে শ্রমিকদের কাছে জিম্মি হয়ে পড়েছে পরিবহন ব্যবসা।
মেহেরপুর পুলিশ সুপার মীর্জা আব্দুল্লাহেল বাকী জানান, ছোটখাটো বিষয়ে শ্রমিকরা বাস চলাচল বন্ধ করে দিয়ে জনদুর্ভোগ সৃষ্টি করে। জনপ্রতিনিধিদের সহযোগিতা ছাড়া দীর্ঘদিনের এ সমস্যা দূর করা সম্ভব নয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমডি/ডিডি/১৮২৫ ঘ.
bdnews24