সিলেট, সেপ্টেম্বর ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মরমী সাধক, গীতিকার ও সুরকার বাউল কফিল উদ্দিন সরকার মারা গেছেন।
রোববার রাত ১১টা ৫ মিনিটে সিলেটের নূরজাহান হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। ফুসফুস ক্যান্সারে ভুগছিলেন তিনি। তার বয়স হয়েছিল ৮২ বছর।
নিহতের ছেলে মো. মনির উদ্দিন সরকার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে এ তথ্য জানান।
‘আমি চাইলাম যারে/ পাইলাম না তারে/ সে এখন বাস করে অন্যের ঘরে’, ‘আমার বন্ধুয়া বিহনে গো, সহে না পরানে গো, একেলা ঘরে রইতে পারি না’, ‘আতর গোলাপ সোয়া চন্দন, সাজাইলাম ফুল বিছানা/ অভাগির বাসরে বন্ধু কেন আইলায় না’- এ ধরনের হাজারো গানের রচয়িতা মরমী সাধক ও সুরকার বাউল কফিল উদ্দিন সরকার মাত্র ১০ বছর বয়সে বাউল স¤্রাট শাহ আবদুল করিম ও দুর্বিন শাহের সান্নিধ্য পান।
সেই থেকে তার বাউল জগতে বিচরণ। বাউল গানের পাশাপাশি মালজোড়া গানেরও শিল্পী ছিলেন তিনি।
কফিল উদ্দিনের স্ত্রী বাউল মায়ারুন নেছা, মেয়ে হামিদা বেগম, খোদেজা বেগম, সরলা বেগম ও একমাত্র ছেলে মো. মনির উদ্দিন সরকার রয়েছেন। এছাড়া দেশ-বিদেশে বহু গুণগ্রাহী রয়েছে তার।
১৯৩২ সালের ১৪ ফেব্রুয়ারি হবিগঞ্জ জেলার মাধবপুর উপজেলার মালঞ্চপুর গ্রামে জন্মগ্রহণ করেন কফিল উদ্দিন।
পরে বাউল সাধক দুর্বিন শাহ’র শিষ্যত্ব গ্রহণ করে সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার আকিলপুর গ্রামে বসতি স্থাপন করে বাউল-সাধনা চালিয়ে যান তিনি। রতœভান্ডার প্রথম ও দ্বিতীয় খণ্ড নামে তার দুটি গানের সংকলন রয়েছে যেগুলোতে প্রায় সাড়ে চার হাজার রয়েছে।
দীর্ঘসময় বাউল স¤্রাট শাহ আবদুল করিম ও দুর্বিন শাহের সঙ্গে মাঠে-ঘাটে ও শহরে-বন্দরে ঘুরে ঘুরে গান গাওয়া কফিল উদ্দিনের লেখা বেশ কিছু গান বিভিন্ন মোবাইল অপারেটরের ওয়েলকাম টিউন ও রিং টিউন হিসেবে বেশ জনপ্রিয়তা পেয়েছে।
সকাল ১১টায় সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে প্রয়াতের প্রতি শ্রদ্ধা জানান সর্বস্তরের মানুষ।
জোহরের নামাজের পর সিলেটে হযরত শাহজালাল (রহ.) দরগায় তার প্রথম জানাজা শেষে লাশ দোয়ারাবাজারের আকিলপুরে নিয়ে যাওয়ার কথা রয়েছে। সেখানেই তিনি শেষ শয্যা নেবেন বলে বলে তার ছেলে মনির উদ্দিন সরকার জানান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এএইচ/১৮০২ ঘ.
bdnews24