চট্টগ্রাম, সেপ্টেম্বর ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পরিবহন শ্রমিকদের ধর্মঘটের কারণে উত্তর চট্টগ্রাম ও তিন পার্বত্য জেলায় গণপরিবহন চলাচল বন্ধ রয়েছে।
টার্মিনাল নির্মান, পুলিশ ও বন কর্মকর্তাদের হয়রানি বন্ধের দাবিসহ ছয় দাবিতে উত্তর চট্টগ্রাম ও তিন পার্বত্যজেলায় সোমবার দিনব্যাপী এই পরিবহন ধর্মঘট চলছে।
উত্তর চট্টগ্রাম ও তিন পার্বত্যজেলা সড়ক ও নৌ পরিবহন শ্রমিক সংগঠন ঐক্য পরিষদ -এর ডাকা এ ধর্মঘটের কারণে যাত্রীরা দুর্ভোগে পড়েছে।
চট্টগ্রাম নগরের অক্সিজেন মোড়ে পরিবহন শ্রমিকেরা অবস্থান নিয়ে নগরী থেকে উত্তর চট্টগ্রাম ও তিন পার্বত্য জেলায় যান চলাচলে বাধা দেয়। এতে অক্সিজেন মোড়ে আটকা পড়ে শত শত যাত্রী।
দুপুরে অক্সিজেন মোড় এলাকায় যানের অপেক্ষায় থাকা মো. আসাদুল্লাহ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, রাঙ্গামাটি যাওয়ার জন্য সকাল থেকে অক্সিজেন মোড়ে স্ত্রী ও ছেলেমেয়েদের নিয়ে বাসের জন্য অপেক্ষা করছেন। কিন্তু কোনো ধরনের যান পাওয়া যাচ্ছে না।
শ্রমিক সংগঠনের সভাপতি আবদুল মান্নান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, ছয় দফা দাবিতে সোমবার সকাল ৬ টা থেকে বিকাল পর্যন্ত ধর্মঘট পালন করা হচ্ছে।
তাদের অন্যান্য দাবিগুলো হলো, বিশ্ব রোডের আশেপাশে ও উপজেলা পর্যায়ে টার্মিনাল নির্মান, সহজ শর্তে যান নিবন্ধন ও নবায়ন ব্যবস্থা, রাঙ্গামাটিতে বাস টার্মিনালের অবৈধ দখল উচ্ছেদ এবং দখল হয়ে যাওয়া ফটিকছড়ি মাইক্রো ইউনিয়নটি বৈধ নেতৃত্বের কাছে ফের দেওয়া।
আব্দুল মান্নান জানান, আগামী ১ বা ২ অক্টোবর বিভাগীয় কমিশনার, তিন পার্বত্য জেলা প্রশাসকসহ অন্যান্যদের সঙ্গে দাবিগুলো নিয়ে শ্রমিক সংগঠনের সঙ্গে বৈঠক হবে। ওই বৈঠকে দাবি মানা না হলে আবার ধর্মঘটেরর ডাক দেওয়া হবে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিএইচ/এসইউ/১৫২৩ ঘ.
bdnews24