দিনাজপুর, সেপ্টেম্বর ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দিনাজপুরের বিরল উপজেলা সীমান্তে বাংলাদেশ ও ভারতের দুই দল চোরাকারবারীর মধ্যে সংঘর্ষে এক বাংলাদেশি নিহত হয়েছেন বলে বিজিবি জানিয়েছে।
নিহত হোসেন আলী (৪০) বিরল উপজেলার ধর্মজৈয়নপুর গ্রামের লাল মিয়ার ছেলে।
বিজিবি ২ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল ফজলে কাদের বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, রোববার রাতে সীমান্তে বাংলাদেশ ও ভারতের দুই দল ফেনসিডিল ব্যবসায়ীর মধ্যে মারামারি হয়। এর অংশ হিসেবে সীমান্তের দেড় কিলোমিটার দূরে ভারতের বটগাছি বাজারে হোসেন আলীকে পিটিয়ে হত্যা করে ভারতীয় চোরাকারবারীরা।
হোসেন আলীর লাশ ভারতের কুসুমন্ডি থানা পুলিশের হেফাজতে রয়েছে জানিয়ে এই বিজিবি কর্মকর্তা বলেন, ঘটনার প্রতিবাদ জানিয়ে এবং নিহতের লাশ ফেরত চেয়ে ভারতীয় সীমান্তরক্ষা বাহিনীর (বিএসএফ) কাছে পতাকা বৈঠকের প্রস্তাব পাঠানো হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এএইচ/১৪৪৫ ঘ.
bdnews24