ঢাকা, সেপ্টেম্বর ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চলচ্চিত্রে হযরত মুহাম্মদকে (সা.) অবমাননার প্রতিবাদে ঢাকায় যুক্তরাষ্ট্র দূতাবাসের বাইরে বিক্ষোভ করেছে শ’ খানেক লোক।
তাদের পরিচয় সম্পর্কে নিশ্চিত হওয়া না গেলেও লাঠিপেটা করে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করে দিয়েছে পুলিশ। এ ঘটনায় একজনকে গ্রেপ্তার করা হয়েছে।
ভাটারা থানার ওসি জিয়াউজ্জামান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সোমবার বেলা ১২টার দিকে বারিধারায় যুক্তরাষ্ট্র দূতাবাসের সামনে শতাধিক মানুষ আকস্মিক এ বিক্ষোভ শুরু করে। এ সময় তাদের হাতে হযরত মুহাম্মদকে (সা.) অবমাননার প্রতিবাদ জানিয়ে লেখা বিভিন্ন ব্যানার ও ফেস্টুন থাকলেও তাতে কোনো সংগঠনের নাম লেখা ছিল না।
বিক্ষোভ শুরুর আট থেকে ১০ মিনিটের মধ্যে পুলিশ তাদের ছত্রভঙ্গ করে দেয়।
এ সময় মাকসুদুল ইসলাম নামে একজনকে আটক করা হয়ে বলে গুলশান থানার ওসি রফিকুল ইসলাম জানান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, “বিক্ষোভকারীরা প্রায় সবাই বয়সে তরুণ। তারা নিষিদ্ধ সংগঠন হিযবুত তাহরিরের সদস্য কি না- তা খতিয়ে দেখা হচ্ছে।”
হযরত মুহাম্মদকে (সা.) কটাক্ষ করে যুক্তরাষ্ট্রে নির্মিত ‘ইনোসেন্স অব মুসলিমস’ নামের একটি চলচ্চিত্র সম্প্রতি ইন্টারনেটের মাধ্যমে ছড়িয়ে পড়লে এর প্রতিবাদে বিভিন্ন মুসলিম দেশে বিক্ষোভ শুরু হয়। লিবিয়া, মিশর ও তিউনিসায় যুক্তরাষ্ট্র মিশনে হামলা চালায় বিক্ষোভকারীরা। লিবিয়ার বেনগাজিতে অস্ত্রধারীদের হামলায় নিহত হন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ক্রিস্টোফার স্টিভেন্সসহ চার জন।
বাংলাদেশেও এর প্রতিবাদে গত কয়েকদিন ধরে বিক্ষোভ হচ্ছে। বিক্ষোভে বাধার অভিযোগে রোববার সারাদেশে হরতালও করেছে ইসলামপন্থী ১২টি দল।
বাংলাদেশ সরকারের পক্ষ থেকে ইতোমধ্যে ওই চলচ্চিত্রের নিন্দা জানিয়ে ইন্টারনেট থেকে তা প্রত্যাহারের আহ্বান জানানো হয়েছে। এছাড়া দেশে ইউ টিউব বন্ধ করে দিয়েছে সরকার।
বড় ধরনের গোলোযোগ এড়াতে ঢাকার কূটনীতিক পাড়াতেও বাড়তি নিরাপত্তা ব্যবস্থা নেয়া হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলএইচ/এএইচ/জেকে/১৩০৫ ঘ.
bdnews24