২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আমার পরিবারের বিরুদ্ধে মামলা ষড়যন্ত্রমূলক: শ্রমমন্ত্রী

১১ মাস পর নিজের নির্বাচনী এলাকা রায়পুরায় গিয়ে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী রাজি উদ্দিন আহমেদ রাজু দাবি করেছেন, মেয়র লোকমান হত্যা মামলায় তার পরিবারের বিরুদ্ধে ষড়যন্ত্রমূলকভাবে মিথ্যা মামলা দায়ের করা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Sep 2012, 04:07 PM

Updated : 24 Aug 2022, 12:11 PM

নরসিংদী, সেপ্টেম্বর ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ১১ মাস পর নিজের নির্বাচনী এলাকা রায়পুরায় গিয়ে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী রাজি উদ্দিন আহমেদ রাজু দাবি করেছেন, মেয়র লোকমান হত্যা মামলায় তার পরিবারের বিরুদ্ধে ষড়যন্ত্রমূলকভাবে মিথ্যা মামলা দায়ের করা হয়েছে। রোবাবার বিকেলে রায়পুরা উপজেলার সেরাজনগর উচ্চ বিদ্যালয় মাঠে উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের উদ্যোগে আয়োজিত জনসভায় এ কথা বলেন তিনি। লোকমানের পরিবারের সঙ্গে তার কোন বিদ্বেষ নেই উল্লেখ করে তিনি বলেন, “আমার পরিবারের বিরুদ্ধে মিথ্যা মামলা দেয়া হয়েছে। সেটা সর্ম্পণভাবে ষড়যন্ত্র। একটি শক্তি তার পেছনে কাজ করছে, যাতে আমরা যুদ্ধাপরাধীদের বিচার করতে না পারি।” “নরসিংদী জেলা আওয়ামী লীগকে ধ্বংস করার জন্যই এই ষড়যন্ত্র হচ্ছে।” গত বছর মুখোশধারী সন্ত্রাসীদের গুলিতে নিহত হন নরসিংদী শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও তৎকালিন পৌর মেয়র লোকমান। তার পরিবারের অভিযোগ, এই হত্যার পরিকল্পনায় স্থানীয় সংসদ সদস্য রাজিউদ্দিন রাজুর পরিবার জড়িত। লোকমান হত্যাকাণ্ডে কামরুজ্জামানের দায়ের করা মামলায় রাজুর ভাইকে আসামি করা হলেও পুলিশ তাকে বাদ দিয়েই অভিযোগপত্র দিয়েছে, যা নিয়ে অসন্তোষ রয়েছে লোকমান পরিবারে। সেরাজনগর উচ্চ বিদ্যালয় মাঠে এ জনসভায় সভাপতিত্ব করেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি আফজাল হোসেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএইচপি/২১৫৮ ঘ.