২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

টঙ্গীতে লেগুনা-বাস সংঘর্ষে নিহত ৩

গাজীপুরের টঙ্গীতে আহসানউল্লাহ মাস্টার উড়াল সেতুতে বাস ও শ্যালো ইঞ্জিন চালিত যান লেগুনার সংঘর্ষে তিনজন নিহত হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Sep 2012, 02:23 PM

Updated : 24 Aug 2022, 12:11 PM

গাজীপুর, সেপ্টেম্বর ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- গাজীপুরের টঙ্গীতে আহসানউল্লাহ মাস্টার উড়াল সেতুতে বাস ও শ্যালো ইঞ্জিন চালিত যান লেগুনার সংঘর্ষে তিনজন নিহত হয়েছে। রোববার বিকেলে এ দুর্ঘটনায় কমপক্ষে আটজন আহত হয়েছে। নিহতরা হলেন গাজীপুরের কালীগঞ্জের পরান গ্রামের প্রেমন রোজারিওর ছেলে রবিন রোজারিও (৩৫), একই উপজেলার নাগরী ইউনিয়নের ধনুন গ্রামের ফাইজুদ্দিনের ছেলে সুলতান উদ্দিন ওরফে আফাজ উদ্দিন (৩২)। অপর নিহত যুবকের (৩৫) পরিচয় পাওয়া যায়নি। আহতদের মধ্যে এডওয়ার্ড (৫০), ইসমাইল হোসেন (২৫) ও বেঞ্জামিনকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে এবং অন্যদের টঙ্গী সরকারী হাসাপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে। টঙ্গী থানার উপ-পরিদর্শক (এসআই) মো. মাহফুজ ইমতিয়াজ জানান, টঙ্গী স্টেশন রোড এলাকা থেকে যাত্রীসহ দু’টি লেগুনা পাল্লা দিয়ে কালীগঞ্জ যাওয়ার পথে আহসান উল্লাহ উড়াল সেতুতে বিপরীতগামী একটি যাত্রীবাহী বাসের সঙ্গে সংঘর্ষ হয়। সংঘর্ষে গাড়ি তিনটির সম্মুখভাগ দুমড়েমুচড়ে যায়। এতে ঘটনাস্থলেই লেগুনাযাত্রী রবিন ও সুলতান নিহত হন এবং নয় যাত্রী আহত হন। গুরুতর আহত অবস্থায় অজ্ঞাত যুবককে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়ার পথে মারা যান। দুর্ঘটনা কবলিত গাড়িগুলো উদ্ধার করে টঙ্গী থানায় নেওয়া হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএইচপি/২০২০ ঘ.