২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পাহাড়ি-বাঙালি সংঘর্ষ: বিএমএর কর্মবিরতির ডাক

পাহাড়ি-বাঙালি সংঘর্ষে চিকিৎসক আহত হওয়ার জেরে রাঙামাটিতে কর্মবিরতির ডাক দিয়েছে চিকিৎসকদের সংগঠন বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন (বিএমএ)।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Sep 2012, 06:34 AM

Updated : 24 Aug 2022, 12:11 PM

রাঙামাটি, সেপ্টেম্বর ২৩ (বিডিনিউজি টোয়েন্টিফোর ডটকম)- পাহাড়ি-বাঙালি সংঘর্ষে চিকিৎসক আহত হওয়ার জেরে রাঙামাটিতে কর্মবিরতির ডাক দিয়েছে চিকিৎসকদের সংগঠন বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন (বিএমএ)। এদিকে রোববারও শহরে ১৪৪ ধারা বলবৎ রয়েছে। নিষিদ্ধ রয়েছে মিছিল ও সভা-সমাবেশ। বিজিবি, সেনা ও পুলিশ সদস্যরা শহরে টহল দিচ্ছে। শনিবার থেকেই বন্ধ রয়েছে দোকানপাট, ব্যবসাপ্রতিষ্ঠান ও যান চলাচল। রোববার সকালে শহরের কালিন্দীপুরে সংবাদ সম্মেলন করে বেলা ১২টা থেকে অনির্দিষ্টকালের কর্মবিরতির ঘোষণা দেন বিএমএ রাঙামাটি শাখার সভাপতি ডা. উদয় শংকর দেওয়ান। সংবাদ সম্মেলনে তিনি বলেন, শনিবার সংঘর্ষের সময় রাঙামাটি সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা সুশোভন দেওয়ান আহত হন। দোষীদের গ্রেপ্তার না করা পর্যন্ত কর্মবিরতি অব্যাহত থাকবে। ডা. সুশোভন দেওয়ান চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন বলেও তিনি জানান। শনিবার সকালে রাঙামাটি সরকারি কলেজে পাহাড়ি-বাঙালি সংঘর্ষ শুরু হলে এক পর্যায়ে তা কলেজ গেইট, বনরূপা ও কালিন্দিপুরসহ শহরের বিভিন্ন এলাকায় ছড়িয়ে পড়ে। এ ঘটনায় কলেজ অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়। সংঘর্ষে আহত হন অন্তত ৫০ জন। তাদের মধ্যে দুজনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল এবং ২৮ জনকে মিলিটারি হাসপাতাল এবং বাকিদের রাঙামাটি জেনারেল হাসপাতাল ভর্তি করা হয়। শনিবার সন্ধ্যায় রাঙামাটি সার্কিট হাউসে এক জরুরি আইনশৃঙ্খলা সভায় শহরে মিছিল ও সভা-সমাবেশ নিষিদ্ধ করে প্রশাসন। পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী দীপঙ্কর তালুকদারসহ, প্রশাসনের কর্মকর্তা এবং সংবাদকর্মীরা ওই সভায় উপস্থিত ছিলেন। বিডিনিউজি টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/জেকে/১২৩০ ঘ.