২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঢাকায় বসেই এমআরসিএস পরীক্ষা

যুক্তরাজ্যের রয়্যাল কলেজ অব সার্জনসের সঙ্গে একটি সমঝোতা স্মারকে স্বাক্ষর করতে যাচ্ছে বাংলাদেশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Sep 2012, 05:28 PM

Updated : 24 Aug 2022, 12:10 PM

ঢাকা, সেপ্টেম্বর ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- যুক্তরাজ্যের রয়্যাল কলেজ অব সার্জনসের সঙ্গে একটি সমঝোতা স্মারকে স্বাক্ষর করতে যাচ্ছে বাংলাদেশ। রোববার সচিবালয়ে স্বাস্থ্য সেবার মহাপরিচালক খন্দকার মোহাম্মদ শেফায়েত উল্লাহ ও রয়েল কলেজের পরীক্ষা কমিটির মাইকেল পারকার সমঝোতা স্মারকে স্বাক্ষর করবেন। এই চুক্তির আওতায় কলেজটির ঢাকা কেন্দ্র থেকে এমআরসিএস বা মেম্বার অব রয়্যাল কলেজ অব সার্জনস পরীক্ষায় অংশ নিতে পারবেন চিকিৎসকরা। ফলে এখন আর দেশের বাইরে যেতে হবে না। স্বাস্থ্যমন্ত্রী আ ফ ম রুহুল হক ও ব্রিটিশ হাইকমিশনার রবার্ট উইনিংটন গিবসন চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত থাকবেন। এক তথ্যবিবরণীতে বলা হয়েছে, এই চুক্তির মধ্য দিয়ে দেশের স্বাস্থ্যখাতে ব্যয়সাপেক্ষ, সহজলভ্য প্রয়োজনীয় নতুন প্রযুক্তির বিকাশের সম্ভাবনা সৃষ্টি হবে এবং পুরনো প্রযুক্তির সংস্কারের সুযোগও ঘটবে। দেশীয় ও যুক্তরাজ্যের বিশেষজ্ঞ চিকিৎসকদের মধ্যে জটিল রোগের অস্ত্রোপচার সংক্রান্ত অভিজ্ঞতা ও ধারণা লাভের সহযোগিতার ক্ষেত্রও তৈরি হবে। এফআরসিএস কোর্সের ক্ষেত্রেও ভবিষ্যতে একই রকম সুযোগ সৃষ্টির সম্ভাবনার পথ এ সমাঝোতা স্মারক স্বাক্ষরের মধ্য দিয়ে উন্মোচিত হবে বলে আশা করা হচ্ছে। রয়্যাল কলেজের বিশেষ দূত রকিবুল মোহাম্মদ আনোয়ার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন, “আমরা আগামী জানুয়ারিতেই পরীক্ষামূলকভাবে পরীক্ষা নেয়া শুরু করব। আশা করছি জুন থেকে নিয়মিত পরীক্ষা নেয়া যাবে।” বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এনআইএইচ/এএল/২৩২৩ ঘ.