২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘১১ জেলার পর্যটন স্পট সংরক্ষিত এলাকা হচ্ছে’

দেশের সব পর্যটন স্পটকে পর্যায়ক্রমে সংরক্ষিত এলাকা ঘোষণা করা হবে বলে জানিয়েছেন পর্যটনমন্ত্রী মুহাম্মদ ফারুক খান।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Sep 2012, 02:12 PM

Updated : 24 Aug 2022, 12:11 PM

ঢাকা, সেপ্টেম্বর ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দেশের সব পর্যটন স্পটকে পর্যায়ক্রমে সংরক্ষিত এলাকা ঘোষণা করা হবে বলে জানিয়েছেন পর্যটনমন্ত্রী মুহাম্মদ ফারুক খান। তিনি বলেন, “প্রাথমিকভাবে ১১টি জেলার পর্যটন স্পটকে সংরক্ষিত এলাকা ঘোষণার প্রক্রিয়া চলছে। এতে এসব স্থানের সংরক্ষণ ও পরিকল্পিত উন্নয়ন সম্ভব হবে।” শনিবার রাজধানীর একটি হোটেলে অনুষ্ঠিত ‘বিউটিফুল বাংলাদেশ: টুওয়ার্ডস এশিয়াজ টপ টুরিস্ট ডেস্টিনেশন’ শীর্ষক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী একথা বলেন। বাংলাদেশ পলিসি রিসার্স সেন্টার এ সম্মেলনের আয়োজন করে। এতে ভ্রমণ আয়োজনকারী সংস্থার প্রতিনিধি, হোটেল ব্যবস্থাপক, শিক্ষাবিদ এবং পর্যটন খাতের গবেষকরা উপস্থিত ছিলেন। ফারুক খান জানান, দেশে পর্যটন শিল্পের বিকাশে পর্যটন এলাকা সংরক্ষণ আইন করা হয়েছে। কারণ, বাংলাদেশ পর্যটক আকর্ষক দেশ হিসেবে এশিয়া মহাদেশে সেরা দশের মধ্যে থাকতে চায়। এজন্য পর্যটন অবকাঠামো, এ খাতে দক্ষ জনশক্তি ও পর্যটন সংক্রান্ত তথ্যভা-ার গড়ে তোলা এবং পর্যটন বিষয়ক প্রশিক্ষণ কেন্দ্র প্রতিষ্ঠার পদক্ষেপ নিয়েছে সরকার। তিনি বলেন, পর্যটন খাতের উন্নয়নে পরিকল্পিত পর্যটন অবকাঠামো গড়ে তুলতে সরকার কক্সবাজার ও কুয়াকাটা উন্নয়ন কর্তৃপক্ষ গঠন করেছে। এসব অঞ্চলের যোগাযোগ অবকাঠামোর উন্নয়ন করা হচ্ছে। দেশের পর্যটন খাতের উন্নয়নে বেসরকারি খাতকে অগ্রাধিকার দিচ্ছে সরকার। এজন্য নীতিগত সব সহযোগিতা দেবে সরকার। এ প্রসঙ্গে মন্ত্রী উল্লেখ করেন যে, পর্যটন খাতে বিদেশি বিনিয়োগ আকৃষ্ট করতে কয়েকটি দেশের সঙ্গে ফলপ্রসূ আলোচনা চলছে। সম্মেলনে উপস্থাপিত মূল প্রবন্ধে ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটির ফ্যাকাল্টি সদস্য কানতারা কে. খান দেশে পর্যটন শিল্পের সমস্যা ও সম্ভাবনা তুলে ধরে বলেন, পর্যটনের ক্ষেত্রগুলোকে আরো বৈচিত্র্যময় করে পর্যটকদের কাছে উপস্থাপন করতে হবে। এজন্য বাণিজ্য, ধর্মীয়, শিক্ষা, স্বাস্থ্য ও ইতিহাস-ঐতিহ্য বিষয়ে পর্যটনের সম্ভাবনাগুলো সমন্বয় করতে হবে। পর্যটন কেন্দ্রগুলোকে বিভিন্ন পর্যায়ে তুলে ধরা এবং সংশ্লিষ্টদের ভাষা বিনিময়ের দুর্বলতা, পর্যটন কেন্দ্রগুলো সংরক্ষণের সমস্যা, অপ্রতুল ও অনিরাপদ যোগাযোগ ব্যবস্থা, আবাসন অসুবিধা, ব্যবস্থাপনাগত দুর্বলতা ও ভিসা জটিলতাই বাংলাদেশে পর্যটনের প্রধান সমস্যা হিসেবে চিহ্নিত করা হয় প্রবন্ধে। পর্যটন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য বীরেন সিকদার, নেপালে বাংলাদেশের সাবেক রাষ্ট্রদূত নিমচন্দ্র ভৌমিক, ডেনিস রাষ্ট্রদূত সিবান্দ ওলিং, টোয়াবের সভাপতি হাসান মনসুর, টুরিজম বোর্ডের প্রধান নির্বাহী আকতারুজ্জামান খান কবির, সিটি এন্ড গাইডস’র চেয়ারম্যান জুলফিয়া আসাফ এবং ওয়েস্টিন হোটেলের মহাব্যবস্থাপক আজিম শাহ এতে বক্তব্য রাখেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/এইচএ/২০১১ ঘ.