চট্টগ্রাম, সেপ্টেম্বর ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নগরীর একটি আবাসিক হোটেল থেকে অস্ত্র-গুলিসহ চার চোরকে গ্রেপ্তার করেছে পুলিশ।
তাদের কাছ থেকে একটি এলজি, দুই রাউন্ড কার্তুজ, ১৫৫টি ইয়াবা ট্যাবলেট, চোরাই মোবাইল সেট একটি, কম্পিউটারের মডেমসহ বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়েছে।
গত দুই দিনে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয় বলে শনিবার জানান কোতোয়ালি থানার পরিদর্শক (তদন্ত) সদীপ কুমার দাশ।
গ্রেপ্তার চার জন হলেন- আবদুল জলিল (২৫), মো. রফিক (২২), মো. মনির ওরফে বরাত হোসেন (২২) ও শরীফুল ইসলাম (২৩)।
পুলিশ কর্মকর্তা সদীপ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, স্টেশন রোডের হোটেল হার্ট অব সিটি’র বিভিন্ন কক্ষে অভিযান চালিয়ে ওই চার চোরকে গ্রেপ্তার করা হয়।
তিনি বলেন, “সিঁধেল’ চোর চক্রটি দীর্ঘদিন ধরে নগরীর বিভিন্ন আবাসিক এলাকার বাসা-বাড়িতে চুরির সঙ্গে যুক্ত। যেসব ঘর তালাবদ্ধ থাকত সেখানেই কৌশলে চুরির ঘটনা ঘটিয়ে দ্রুত এলাকা ছাড়ত তারা।”
পুলিশ পরিদর্শক সদীপ জানান, এই চোরচক্রটি ঢাকা থেকে এসে নগরীর বিভিন্ন আবাসিক হোটেলে অবস্থান করে এবং বাসাবাড়িতে গিয়ে চুরি করে পুনরায় ঢাকা ফিরে যায়।
তারা স্বর্ণালঙ্কার, মূল্যবান জিনিসপত্র ও নগদ টাকা ছাড়া অন্য কিছুই চুরি করে না বলে পুলিশের জিজ্ঞাসাবাদে জানিয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/এমআই/১৭৪০ ঘ.
bdnews24