ঢাকা, সেপ্টেম্বর ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডকম)- ন্যূনতম মজুরি সাত হাজার টাকা করে নতুন মজুরি কাঠামো নির্ধারণের দাবি জানিয়েছে ঢাকা রুটি, বিস্কুট ও কনফেকশনারী শ্রমিক ইউনিয়ন।
এই দাবিতে মঙ্গলবার সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে সমাবেশ করেছে শ্রমিকদের এই সংগঠন।
তাদের দাবির সঙ্গে সহমত পোষণ করে সমাবেশে বক্তব্য রাখেন বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক আনিসুর রহমান মল্লিক, স্কপের সমন্বয়কারী ওয়াজেদুল ইসলাম খান, জাতীয় শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক আমিরুল হক আমিন, গার্মেন্টস শ্রমিক ঐক্য পরিষদের কেন্দ্রীয় নেতা কাজী মোহাম্মদ আলী প্রমুখ।
সমাবেশে ঢাকা রুটি, বিস্কুট ও কনফেকশনারী শ্রমিক ইউনিয়নের সভাপতি অহিদুর রহমান বলেন, শ্রম আইনে আট ঘণ্টার বেশি কাজ করলে ওভারটাইম পাওয়ার অধিকার রয়েছে। তবে রুটি-বিস্কুট কারখানার শ্রমিকরা ১২ থেকে ১৪ ঘণ্টা কাজ করার পরও কোনো ওভারটাইম পান না।
রুটি শ্রমিকদের ঈদ বোনাস ও ওভারটাইম ভাতা দেয়া, বাসস্থানের ব্যবস্থা, নিয়োগপত্র দেয়ার দাবিও জানান তিনি।
সমাবেশের পর একটি লাল পতাকা মিছিল বের হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমডি/এমআই/১৪১৪ ঘ.
bdnews24