২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কুষ্টিয়ায় দরবারে হামলা ‘প্রশাসনের সামনেই’

সম্প্রতি ‘তৌহিদী জনতা’র নামে কুষ্টিয়ার ভেড়ামারায় এক সুফিভক্তের দরবার শরীফ ও বাড়িতে যে হামলা ও লুটপাট চালানো হয়, ইউএনও এবং পুলিশের উপস্থিতিতেই তা ঘটে। হাসান আলীর সরেজমিন প্রতিবেদন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Sep 2012, 09:30 AM

Updated : 24 Aug 2022, 12:10 PM

হাসান আলী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম কুষ্টিয়া, সেপ্টেম্বর ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও পুলিশ কর্মকর্তাদের উপস্থিতিতেই সম্প্রতি কুষ্টিয়ার ভেড়ামারায় সুফিভক্তের দরবার শরীফে হামলা ও লুটপাট হয়েছে বলে অভিযোগ করেছেন প্রত্যক্ষদর্শী ও ক্ষতিগ্রস্তরা। এ ঘটনার পেছনে মূল হোতা হিসেবে জামায়াতে ইসলামীর স্থানীয় নেতা ও ইসলামপুর মসজিদের ঈমাম ইয়ানুর ইসলাম এবং ‘চিহ্নিত রাজাকার’ আব্দুস সামাদের ছেলে আব্দুল হান্নান ডাক্তারকে দায়ী করেছেন তারা। এলাকাবাসী জানায়, আব্দুল হান্নানের পরিবার এলাকায় ‘রাজাকারের পরিবার’ হিসাবে পরিচিত। হান্নান আগে জামায়াতের সঙ্গে সম্পৃক্ত থাকলেও বিগত চারদলীয় জোট সরকারের আমলে বিএনপিতে যোগ দেন। এই দুই জনের উস্কানিতেই ‘ধর্মীয় অনুভুতিতে আঘাত দেয়ার’ অভিযোগে তুলে ৭ সেপ্টেম্বর মোকারিমপুর ইউনিয়নের ইসলামপুর গ্রামে তরিকতে আহলে বাইত বাংলাদেশ-এর অনুসারী ইমামিয়া নিজামিয়া চিশতিয়া দরবার শরীফে হামলা ও অগ্নিসংযোগ করে এবং লুটপাট চালায় উগ্রপন্থীরা। স্থানীয় প্রশাসনের সামনেই ওই ঘটনা ঘটলেও সেখান থেকে সুফিভক্ত শহীদুল ইসলাম (৫৪) ও আসলাম উদ্দিনকেই (৪০) উল্টো গ্রেপ্তার করে পুলিশ। পরদিন আদালত তাদের জেল-হাজতে পাঠায়। ওই ঘটনার পর থেকেই শহীদুল ইসলামের পরিবার হুমকির মুখে এলাকা ছাড়া। এদিকে গত ১৭ সেপ্টেম্বর দরবার শরীফের পাশের ইসলামপুর দারুস সালাম মাদ্রাসার মাঠে ‘তৌহিদী জনতা’র ব্যানারে এক ‘ইসলামী সমাবেশ’ হয়। স্থানীয় আওয়ামী লীগ নেতা ও পৌর মেয়র আলহাজ শামিমুল ইসলাম ছানার সভাপতিত্বে বিভিন্ন মাদ্রাসার প্রধানদের সঙ্গে ইউএনও মোহাম্মদ রাজিবুল ইসলামও সেখানে বক্তব্য দেন। ওই সভা চলাকালেই পুলিশের উপস্থিতিতে আবারো শহীদুল ইসলামের বাড়িতে হামলা চালিয়ে দুই বিঘা জমির লিচু বাগান কেটে আগুন ধরিয়ে দেয় উগ্রপন্থীরা। শহীদুলের স্ত্রী সফুরা খাতুন জানান, “ইউএনওর সামনেই লোকজন আমার স্বামীকে বেঁধে পিটিয়েছে। আমরা জেলা প্রশাসকের কাছে অভিযোগ করার পর তিনি তদন্তের নির্দেশ দিয়েছিলেন। কিন্তু ফল হয়েছে উল্টো, ওই সমাবেশ থেকে লোকজন এসে লিচু বাগান কেটে আগুন ধরিয়ে দিয়েছে।” এ ব্যাপারে ভেড়ামারা থানার এএসআই আব্দুল মতিন বুধবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, শফিকুলের পরিবারের একটি অভিযোগ তারা পেয়েছেন। কিন্তু বিষয়টি তদন্ত করার দায়িত্ব কাউকে দেয়া হয়নি। যার বিরুদ্ধে অভিযোগ, সেই ইয়ানুর ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “শহীদুল এলাকার ধর্মপ্রাণ মুসলমানের অনুভূতিতে আঘাত দিচ্ছে এবং ইসলাম নিয়ে বিভ্রান্তি ছড়াচ্ছে।” এলাকাবাসী সমাবেশের বিষয়ে উপজেলা প্রশাসনের কাছে লিখিত অভিযোগ জানালেও ইউএনও রাজিবুল হাসানের নির্দেশে ও পরামর্শেই তারা এই সমাবেশ করেছেন বলে জানান ইয়ানুর। দরবার ভাঙচুর ও সমাবেশ চলাকালে লিচু বাগান কেটে পুড়িয়ে দেয়ার ঘটনা সম্পর্কে আব্দুল হান্নান বলেন, “এতে এককভাবে কেউ জড়িত নয়। যা কিছু হয়েছে সবই ইউএনও স্যারের উপস্থিতিতে ও নির্দেশে হয়েছে। এমনকি ঘটনার পরদিন এলাকাবাসীর পক্ষ থেকে গণস্বাক্ষর সংগ্রহ করে জমাও দেয়া হয়েছে স্যারের (ইউএনও) নির্দেশে।” ইউএনও রাজিবুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ওইদিন তিনি সেখানে গিয়েছিলেন ‘আইন-শৃঙ্খলা রক্ষার স্বার্থে’। আর যেহেতু শহীদুল ‘ধর্মপ্রাণ মুসলমানের ধর্মীয় অনুভুতিতে’ আঘাত করেছেন, সে কারণে তার বিরুদ্ধে দণ্ডবিধির ২৯৫ ধারায় মামলা হয়েছে। সরকারি কর্মকর্তা হয়েও ‘তৌহিদি জনতা’র সমাবেশে বক্তব্য রাখা ও শহীদুলের বাড়িতে হামলায় উপস্থিত থাকার বিষয়ে জানতে চাইলে ইউএনও বলেন, “যা কিছু করেছি সবই আইন-শৃঙ্খলা রক্ষার স্বার্থে করেছি। আর এতবড় বিশাল গণজমায়েতের বিক্ষুদ্ধ মানুষ কে কোথায় কি করেছে তা আমার জানা নেই।” তরিকতে আহলে বাইত বাংলাদেশ নিষিদ্ধ কোনো সংগঠন নয়। তাহলে তাদের বই নিষিদ্ধের দাবি কেন করা হচ্ছে- এমন প্রশ্নের জবাবে ইউএনও বলেন, “এ বিষয়গুলো আইনগতভাবে খতিয়ে দেখা হচ্ছে।” ঘটনার সময় থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পৌর মেয়র অ্যাডভোকেট শামীমুল ইসলাম ছানাও উপস্থিত ছিলেন জানিয়ে প্রয়োজনে তার সঙ্গে কথা বলতে বলেন ইউএনও। এ বিষয়ে কথা বলার জন্য মেয়রের খোঁজে পৌরসভা কার্যালয়ে গিয়ে তাকে পাওয়া যায়নি। তার মোবাইলে ফোন করা হলেও তিনি ধরেননি। এ ব্যাপারে ভেড়ামারা থানার ওসি রিয়াজুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সোমবার ইউএনও ঘটনাস্থল থেকে জরুরিভিত্তিতে ডেকে পাঠালে পুলিশ সেখানে যায় এবং পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করে। পুলিশের সামনেই দরবার ভাঙচুর ও লিচু বাগান ধ্বংসের ব্যাপারে জানতে চাইলে ওসি বলেন, “এতো বিশাল সমাবেশের মানুষকে নিয়ন্ত্রণ করা উপস্থিত পুলিশ সদস্যদের পক্ষে সম্ভব ছিল না। তবে সফুরা খাতুন পরিবার-পরিজনের নিরাপত্তাহীনতার বিষয় উল্লেখ করে থানায় লিখিত অভিযোগ করায় সেখানে যেন পুনরায় এ ধরনের কিছু না ঘটে সে চেষ্টা করা হচ্ছে।” তবে ঘটনাস্থলে উপস্থিত কুচিয়ামোরা পুলিশ ক্যাম্পের সদস্য আলাউদ্দিন বলছেন অন্য কথা। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, “ঘটনার সময় ইউএনও স্যার আর ওসি স্যারও উপস্থিত ছিলেন। উনারা না বললে পুলিশ সদস্যদের কিছুই করার থাকে না।” ইসলামপুর গ্রামের দরবার শরীফ সংলগ্ন বাড়িগুলোর বাসিন্দা আজেলা খাতুন (৬০), ভটভটি চালক হিরু (৪২) ও কৃষক আলম (৪০) জানান, তারা দরবারে কখনো ‘খারাপ কিছু’ হতে দেখেননি। সেখানে মাসে মাসে জিকির-আজকার শেষে তবারক বিতরণ করা হয়। আর বছরে একবার ঢাকা থেকে ‘হুজুররা’ এলে বড় অনুষ্ঠান হয়। তখন সেখানে লালনের গান হয়। এলাকাবাসী জানান, সুফীভক্ত শহীদুল একজন সফল বর্গাচাষী। এলাকার প্রায় ৬০/৭০ বিঘা সরকারি খাস জমি ইজারা নিয়ে তিনি চাষাবাদ করেন। “শহীদুলকে উচ্ছেদ করতে পারলে খাসজমির দখল নেয়া সহজ হবে। এ কারণে উগ্রপন্থীদের পেছনে বড় রাজনৈতিক দলের নেতাদেরও ইন্ধন আছে”, বলেন স্থানীয় এক বাসিন্দা। তরিকতে আহলে বাইত বাংলাদেশ সম্পর্কে সংগঠনটির সভাপতি আহম্মেদ কামরুল মোর্শেদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সুফিবাদী এ সংগঠন অরাজনৈতিক, অসাম্প্রদায়িক, অহিংস, প্রগতিশীল ও মানবতাবাদী দর্শনে বিশ্বাসী। তাদের প্রকাশিত পুস্তকে কোথাও উস্কানিমূলক কোনো কথা বা বাক্য কেউ দেখাতে পারবে না। গোপন কার্যক্রম করার কোনো প্রয়োজনও তাদের নেই। দেশের বিভিন্ন স্থানে তাদের দরবার রয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/এইচএএইচ/জেকে/১৫১৫ ঘ.