২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ছেলের দ্বিতীয় বিয়ে, বাবাকে পিটিয়ে হত্যা

বাগেরহাটের মোরেলগঞ্জের এক যুবক দ্বিতীয় বিয়ে করায় তার বাবাকে পিটিয়ে হত্যা করেছে প্রথম স্ত্রীর ভাই।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Sep 2012, 06:31 AM

Updated : 24 Aug 2022, 12:10 PM

বাগেরহাট, সেপ্টেম্বর ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বাগেরহাটের মোরেলগঞ্জের এক যুবক দ্বিতীয় বিয়ে করায় তার বাবাকে পিটিয়ে হত্যা করেছে প্রথম স্ত্রীর ভাই। শুক্রবার ভোরে মোরেলগঞ্জ উপজেলার খাউলিয়া গ্রামে এ ঘটনা ঘটে। পুলিশ নিহত রফিজ উদ্দিন শেখের (৫৫) লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বাগেরহাট সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে। মোরেলগঞ্জ থানার ওসি মো. আসলাম উদ্দিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, রফিজ উদ্দিনের ছেলে মোস্তফা শেখের (৩২) সঙ্গে একই উপজেলার ভাইজোড়া গ্রামের রহমান শেখের মেয়ের বিয়ে হয়। বিয়ের পর থেকে মোস্তফা স্ত্রীকে নিয়ে ভারতের দিল্লীতে বসবাস করতেন। সম্প্রতি মোস্তফা দেশে ফিরে আরেকটি বিয়ে করেন। এতে ক্ষুব্ধ হয়ে তার শ্যালক সোবহান শেখ শুক্রবার ভোরে লাঠিসোটাসহ লোকজন নিয়ে রফিজ উদ্দিনের বাড়িতে চড়াও হয়। এ সময় তারা মোস্তফাকে তুলে নিয়ে যাওয়ার চেষ্টা করলে রফিজ উদ্দিন বাধা দেন। “বাধা পেয়ে সোবহানের সহযোগীরা লাঠি দিয়ে রফিজ উদ্দিনকে পেটাতে থাকলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। তার বুকে ও পিঠে আঘাতে চিহ্ন রয়েছে”, বলেন ওসি। সোবহানের লোকজন পরে মোস্তফাকে অপহরণ করে নিয়ে যায় বলেও পরিবারের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে। ওসি জানান, মোস্তফাকে উদ্ধারের জন্য পুলিশি অভিযান শুরু হয়েছে। তবে শুক্রবার দুপুর পর্যন্ত কোনো মামলা হয়নি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এইচএএইচ/জেকে/১২২৫ ঘ.