জামালপুর, সেপ্টেম্বর ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জামালপুরের সরিষাবাড়ী উপজেলায় এক গৃহকর্মীর গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় গৃহকর্ত্রী ও তার ছেলেকে গ্রেপ্তার করেছে পুলিশ।
নিহত শরুফা (১২) সরিষাবড়ীর পিংনা ইউনিয়নের কাওয়ামারা গ্রামের সোহরাব হোসেনের মেয়ে। সে পিংনা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণীর ছাত্রী ছিল।
বৃহস্পতিবার রাতে উপজেলার একই ইউনিয়নের পিংনা চিতলাপাড়া গ্রামের একটি বাড়ির উঠোন থেকে তার লাশ উদ্ধার করা হয় বলে সরিষাবাড়ী থানার ওসি কামরুল আহসান জানান।
তিনি বলেন, চিতলাপাড়া গ্রামের মৃত ইয়াকুব আলীর বাড়িতে তার স্ত্রী সাহেদা বেওয়া ও শরুফা থাকতেন। পাশেই ঘর করে থাকেন ইয়াকুবের ছেলে বেনজির হোসেন। বেনজির পিংনা সুজাত আলী ডিগ্রি কলেজের ইসলামের ইতিহাসের প্রভাষক।
শরুফা গৃহপরিচারিকার কাজের পাশাপাশি স্কুলে পড়ত বলে জানান তিনি।
ওসি জানান, সন্ধ্যার পর শরুফার গলাকাটা লাশ বাড়ির আঙ্গিনায় পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেন সাহেদা বেওয়া। এরপর পুলিশ গিয়ে রাত সাড়ে ৮টার দিকে লাশ উদ্ধার করে।
“শরুফা ও সাহেদা যে ঘরে থাকতেন সেই ঘরের মেঝেতে রক্ত পড়ে ছিল,” বলেন তিনি।
এ ঘটনায় সাহেদা বেওয়া ও তার ছেলে বেনজিরকে গ্রেপ্তার করা হয়েছে জানিয়ে তিনি বলেন, “হত্যাকাণ্ড সম্পর্কে এখনো কিছু জানা যায়নি। মূল ঘটনা বের করার চেষ্টা চলছে।”
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/এএইচ/২৩১৭ ঘ.
bdnews24