ঢাকা, সেপ্টেম্বর ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানীর মহাখালী ওভারব্রিজের নিচে বিআরটিসির একটি বাসের চাপায় এক যুবক নিহত হয়েছে।
নিহতের পরিচয় পাওয়া যায়নি। আনুমানিক ২০ বছর বয়সী ওই যুবকের পরনে প্যান্ট ও চেকশার্ট ছিল বলে পুলিশ জানায়।
বৃহস্পতিবার রাত ৯টার দিকে এ দুর্ঘটনার পর বিক্ষুব্ধ জনতা বিআরটিসির ওই বাসটি ভাংচুর করে।
শাহআলম নামে ফুটপাতের এক শরবত বিক্রেতা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, কিশোরগঞ্জ থেকে আসা বিআরটিসির একটি বাস মহাখালী বাসস্ট্যান্ডে যাওয়ার পথে ওভারব্রিজের নিচে সামনের একটি বাসকে ধাক্কা দেয়। এতে ওই বাসের দরজায় ঝুলে থাকা এক যাত্রী নিচে পড়ে যায়।
“বিআরসিটির বাসটি না থেমে রাস্তায় পড়ে যাওয়া যুবককে চাপা দেয়।”
এ ঘটনার পর বিআরটিসির ওই বাসের যাত্রীরা এবং আশেপাশের লোকজন ছুটে ওই বাসে ভাংচুর চালায় এবং চালককে ধরে পুলিশে দেয় বলে ওই হকার জানান।
এ বিষয়ে বনানী থানার উপপরিদর্শক (এসআই) আশরাফুল ইসলাম জানান, আহত ওই যুবককে স্থানীয় একটি হাসপাতালে নেয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
বাসের চালককে আটক করা হলেও তাৎক্ষণিকভাবে তার নাম জানাতে পারেননি এই পুলিশ কর্মকর্তা।
ময়নাতদন্তের জন্য লাশ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে বলে জানান তিনি।
এদিকে, রাত পৌনে ১০টার দিকে মহাখালীর ঢাকা গেট এলাকায় বাসচাপায় এক পথচারী নিহত হয়েছেন বলে বনানী থানার শিক্ষানবিশ উপপরিদর্শক কানন সরকার জানান। তবে নিহতের পরিচয় জানাতে পারেননি তিনি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কেটি/এএইচ/এমআই/২২৩২ ঘ.
bdnews24