খাগড়াছড়ি, সেপ্টেম্বর ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- খাগড়াছড়ির দীঘিনালায় দুর্বৃত্তদের গুলিতে দুই ইউপিডিএফ সদস্য নিহত হয়েছেন।
এই ঘটনার জন্য ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ) প্রতিপক্ষ পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতিকে (জেএসএস-সন্তু লারমা) দায়ী করেছে। তবে জেএসএস বলছে, তারা এ ঘটনার সঙ্গে জড়িত নয়।
নিহতরা হলেন- উপজেলার কামুক্যাছড়া এলাকায় রমেশ চাকমা (১৮) ও উথান খিয়াং (১৯)।
সন্ধ্যা সাড়ে ৬টার দিকে এ ঘটনা ঘটে বলে জানান দীঘিনালা থানার ওসি শাহদাত হোসেন টিটু।
ওসি শাহদাত হোসেন টিটু বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, কামুক্যাছড়া এলাকাটি উপজেলা সদর থেকে প্রায় ১০ কিলোমিটার দূরে। সন্ধ্যায় রমেশ ও উথান এলাকার একটি বাড়িতে বসে বৈঠক করছিলেন। এ সময় সন্ত্রাসীরা এসে এলাপাতাড়ি গুলি করলে ঘটনাস্থলেই ওই দুই জন মারা যান।
তাদের লাশ উদ্ধার করে থানায় নিয়ে যাওয়া হয়েছে।
ইউপিডিএফের প্রচার শাখার প্রধান নিরন চাকমা সাংবাদিকদের বলেন, জেএসএসের সন্ত্রাসীরা পরিকল্পিতভাবে এ হত্যাকাণ্ড ঘটিয়েছে।
অবশ্য জেএসএসের সহ তথ্য ও প্রচার সম্পাদক সজীব চাকমা এ অভিযোগ অস্বীকার করে বলেন, ঘটনার সঙ্গে তাদের কোনো সংশ্লিষ্টতা নেই।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/এএল/২১০২ ঘ.
bdnews24