২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

১০ ট্রাক অস্ত্র: আলাউদ্দিনকে ৩য় দিনের মতো জেরা

আলোচিত ১০ ট্রাক অস্ত্র মামলার সাক্ষী সার্জেন্ট আলাউদ্দিনকে তৃতীয় দিনের মতো জেরা করেছেন আসামিপক্ষের আইনজীবীরা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Sep 2012, 01:22 PM

Updated : 24 Aug 2022, 12:10 PM

চট্টগ্রাম, সেপ্টেম্বর ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আলোচিত ১০ ট্রাক অস্ত্র মামলার সাক্ষী সার্জেন্ট আলাউদ্দিনকে তৃতীয় দিনের মতো জেরা করেছেন আসামিপক্ষের আইনজীবীরা। বৃহস্পতিবার দুপুর পৌনে একটা থেকে বিকাল পৌনে পাঁচটা পর্যন্ত চট্টগ্রাম মহানগর দায়রা জজ ও সিনিয়র স্পেশাল ট্রাইব্যুনাল-১ এর বিচারক এসএম মজিবুর রহমানের আদালতে দুই আসামির তিন আইনজীবী তাকে জেরা করেন। বিকালে জেরা শেষে বিচারক আগামী ২ অক্টোবর পুনরায় জেরার দিন ধার্য করেন। ওইদিনও আলাউদ্দিনকে আসামি পক্ষের আইনজীবীরা জেরা করবেন। অস্ত্র চোরাচালানি হাফিজুর রহমানের আইনজীবী হলেন মাহমুদুর রহমান এবং এনএসআই’র সাবেক উপ-পরিচালক অবসরপ্রাপ্ত মেজর লিয়াকত হোসেনের আইনজীবী কামরুল ইসলাম চৌধুরী সাজ্জাদ ও মোহাম্মদ আহসান। এদিকে, উন্নত চিকিৎসার জন্য সিইউএফএল’র সাবেক ব্যবস্থাপক (প্রশাসন) এনামুল হকের জামিন আবেদন নামঞ্জুর করে আদালত জেল কোড অনুযায়ী তার চিকিৎসার ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেয়। ২০০৪ সালের ১ এপ্রিল গভীর রাতে সিইউএফএল জেটিঘাটে অস্ত্র আটকের সময় সার্জেন্ট আলাউদ্দিন সংলগ্ন বন্দর পুলিশ ফাঁড়িতে কর্মরত ছিলেন। ওই রাতে জেটিঘাটে অস্ত্র খালাসের ঘটনা প্রত্যক্ষ করেন সার্জেন্ট আলাউদ্দিন ও সার্জেন্ট হেলাল উদ্দিন। জেরার জবাবে সার্জেন্ট আলাউদ্দিন বলেন, ২০০৬ সালের ২২ ও ২৩ মে ‘পরিস্থিতিগত কারণে’ মূল বিষয় এড়িয়ে একটি দায়সারা গোছের সাক্ষ্য দেন তিনি। পুনরায় সাক্ষ্য দিতে এসে তিনি ‘মিথ্যা ও বানোয়াট’ সাক্ষ্য দিয়েছেন আইনজীবীর এমন দাবির জবাবে সার্জেন্ট আলাউদ্দিন বলেন, “তা সত্য নয়।” জবানবন্দি শেষে আদালত জেরা মুলতবি করে। এর আগে সকালে কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে জামায়াতে ইসলামীর আমীর সাবেক শিল্পমন্ত্রী মতিউর রহমান নিজামী, সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরসহ ১০ আসামিকে আদালতে হাজির করা হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/ইউএস/এমসি/এইচএ/১৯১৬ ঘ.