২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘নারীর ক্ষমতায়নে এদেশের নারীদের ভূমিকা অনুকরণীয়’

নারীর ক্ষমতায়নে বাংলাদেশের নারীদের ভূমিকা সারা বিশ্বের জন্য অনুকরণীয় বলে মন্তব্য করেছেন অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Sep 2012, 12:29 PM

Updated : 24 Aug 2022, 12:10 PM

ঢাকা, সেপ্টেম্বর ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নারীর ক্ষমতায়নে বাংলাদেশের নারীদের ভূমিকা সারা বিশ্বের জন্য অনুকরণীয় বলে মন্তব্য করেছেন অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত। বৃহস্পতিবার সকালে রাজধানীর সিরডাপ মিলনায়তনে বাংলাদেশ উইমেন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ (বিডব্লিউসিসিআই) আয়োজিত এক কর্মশালায় তিনি এ কথা বলেন। দেশের অর্থনৈতিক উন্নয়নে নারীদের ভূমিকার প্রসংশা করে মুহিত বলেন, গত ৩০ বছরে দেশের নারীদের অবস্থার অসাধারণ পরিবর্তন হয়েছে। দেশের মোট নারী শ্রমিকের সংখ্যা বর্তমানে শতকরা ৩০ শতাংশ। অর্থনৈতিকভাবে এদেশের নারীদের অবস্থা যে কোনো উন্নত দেশের নারীদের সমকক্ষ বলেও দাবি করেন মন্ত্রী। এ প্রসঙ্গে তিনি দেশে নারীর ক্ষমতায়নে মহাজোট সরকারের গৃহীত বিভিন্ন পদক্ষেপ তুলে ধরতে গিয়ে উল্লেখ করেন, সীমিত সামর্থের মাঝেও সরকার যেকোনো প্রগতিশীল পদক্ষেপকে স্বাগত জানিয়ে আসছে। এজন্য মহিলা বিষয়ক মন্ত্রণালয়ও গঠন করা হয়েছে। এ মন্ত্রণালয়ের উদ্দেশ্য হচ্ছে নারীদের সমাজের মূলধারায় সম্পৃক্ত হতে সাহায্য করা এবং সমাজের দৃষ্টিভঙ্গির পরিবর্তন সাধন। জাতীয় বাজেটে নারী উদ্যোক্তাদের জন্য বরাদ্দ বিষয়ে বিডব্লিউসিসিআই’র নয় দফা প্রস্তাবনার ব্যাপারে পূর্ণ সহযোগিতা প্রদানের আশ্বাস দেন অর্থমন্ত্রী। মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের মাধ্যমে বিষয়টি নিয়ে অগ্রসর হতে নারী উদ্যোক্তাদের পরামর্শও দেন মুহিত। এরআগে, কর্মশালায় ২০১২-১৩ অর্থবছরের জাতীয় বাজেটে নারী উদ্যোক্তাদের জন্য বরাদ্দকৃত ১০০ কোটি টাকা কী কী খাতে ব্যয় হতে পারে সে বিষয়ে ৯ দফা প্রস্তাবনা তুলে ধরেন বিডব্লিউসিসিআই এর প্রতিষ্ঠাতা সভাপতি সেলিমা আহ্মাদ। প্রস্তাবনাগুলোর মধ্যে রয়েছে- রাজধানীর বাইরে ৬ টি বিভাগীয় শহরে নারী উদ্যোক্তাদের জন্য সম্প্রসারিত বাজারে ২০ কোটি টাকা বরাদ্দ, বিভাগীয় শহরগুলোতে তথ্য কেন্দ্র স্থাপনের জন্য ১৫ কোটি টাকা বরাদ্দ, প্রশিক্ষণ ইন্সটিটিউট বাবদ বরাদ্দ ১৫ কোটি টাকা, তথ্য প্রযুক্তি ভিত্তিক ব্যবসায় খাতে বরাদ্দ ১০ কোটি টাকা, ইনকিউবেটর স্থাপনে ২০ কোটি টাকা বরাদ্দ ইত্যাদি। এরপর বিভিন্ন বিভাগীয় শহর থেকে আসা বিডব্লিউসিসিআই এর প্রতিনিধিরা মুক্ত আলোচনায় অংশ নেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএইচএ/এইচএ/১৮২৬ ঘ.