২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

খালাফ হত্যা মামলার অভিযোগপত্র দাখিল

সৌদি দূতাবাস কর্মকর্তা খালাফ আল আলী হত্যা মামলায় পাঁচ ছিনতাইকারীকে আসামি করে ঢাকার একটি আদালতে অভিযোগপত্র দাখিল করেছে গোয়েন্দা পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Sep 2012, 11:15 AM

Updated : 24 Aug 2022, 12:10 PM

ঢাকা, সেপ্টেম্বর ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সৌদি দূতাবাস কর্মকর্তা খালাফ আল আলী হত্যা মামলায় পাঁচ ছিনতাইকারীকে আসামি করে ঢাকার একটি আদালতে অভিযোগপত্র দাখিল করেছে গোয়েন্দা পুলিশ। বৃহস্পতিবার বিকেলে ঢাকার মহানগর পুলিশের সহকারী কমিশনার মো. ওবায়দুল হক ঢাকার মুখ্য মহানগর হাকিমের আদালতে অভিযোগপত্র দাখিল করেন। পাঁচ আসামি হলেন- সাইফুল ইসলাম মামুন, আল আমিন, আকবর আলী, মো. রফিকুল ইসলাম ও সেলিম চৌধুরী। ৩৯৬ ধারায় দাখিল করা এ অভিযোগপত্রে রাষ্ট্রপক্ষে ৩১ জনকে সাক্ষী করা হয়েছে। পুলিশের অপরাধ, তথ্য ও প্রসিকিউশন বিভাগের অতিরিক্ত উপ-কমিশনার আনিসুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে এ তথ্য নিশ্চিত করেছেন। গত ৫ মার্চ গুলশানে গুলি করে হত্যা করা হয় সৌদি নাগরিক খালাফকে। ঘটনার প্রায় চার মাসের মাথায় গত ২৫ জুলাই খালাফ হত্যার সঙ্গে জড়িত সন্দেহে চারজনকে গ্রেপ্তার করা হয়। পরে স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে আসামি আল আমিন হাকিমের কাছে বলেছিলেন, সাইফুলসহ বাকি চার অভিযুক্ত খালাফকে ঘিরে ধরে এবং তার কাছে ডলার চায়। ডলার না দেওয়ায় তাদের মধ্যে ধস্তাধাস্তি হয়। পরে সাইফুল তার হাতে থাকা রিভলবার দিয়ে খালাফকে গুলি করে পালিয়ে যায়। আল আমিনের এ স্বীকারোক্তি তদন্ত কর্মকর্তা অভিযোগপত্রে উল্লেখ করেছেন তদন্ত কর্মকর্তা। এরই মধ্যে গত ৯ অগাস্ট সৌদি রাষ্ট্রদূত আবদুল্লাহ বিন নাসের আল-বুসাইরি প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে দেখা করে খালাফের হত্যাকারীরা গ্রেপ্তার হওয়ায় সন্তোষ প্রকাশ করেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিবি/এএল/১৭০৮ ঘ.