নরসিংদী, সেপ্টেম্বর ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নরসিংদী জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি রিপন সরকারকে গ্রেপ্তারের প্রতিবাদে নরসিংদী সদর মডেল থানা ঘেরাও করেছে ‘জনবন্ধু লোকমান সংগ্রাম পরিষদ’।
বৃহস্পতিবার সকাল থেকে রিপনের মুক্তির দাবিতে নরসিংদীর পৌর মেয়র কামরুজ্জামান কামরুলের নেতৃত্বে লোকমান পরিষদের নেতাকর্মীরা ওই থানা ঘেরাও করে রাখে। রিপনকে বুধবার রাতে গ্রেপ্তার করে পুলিশ।
এ থানার ওসি মো, আসাদুজ্জামান দুপুরে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “তারা থানা ঘেরাও করেছে। কিন্তু আমরা রিপনকে ছাড়বো না। তাকে আদালতে পাঠানো হবে।”
এর আগে নরসিংদীর অতিরিক্ত পুলিশ সুপার সুভ্রত হালদার সাংবাদিকদের জানান, আগামী ২৩ সেপ্টেম্বর শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী রাজি উদ্দিন আহমেদ রাজু রায়পুরা উপজেলার সেরাজনগর স্কুল এন্ড কলেজ মাঠে এক জনসভায় যোগ দেবেন।
“এ জনসভা বানচালের জন্য মেয়র লোকমান সংগ্রাম পরিষদ পাঁয়তারা চালাচ্ছে এবং ২১ সেপ্টেম্বর নরসিংদী জেলা আওয়ামী লীগ কার্যালয় প্রাঙ্গণে বিক্ষোভ সমাবেশের আয়োজন করে।”
“লোকমান সংগ্রাম পরিষদের নেতাকর্মীরা আইন শৃংখলা পরিস্থিতির অবনতি ঘটাতে পারে এ জন্য জনগণের জানমালের নিরাপত্তার জন্য কিছু উচ্ছৃংখল লোকজনদের গ্রেপ্তার করে আদালতে পাঠানো হচ্ছে।”
এদিকে, নরসিংদী পৌর মেয়র কামরুল ইসলাম বলেন, “মেয়র লোকমান হত্যার বিচার না হওয়া পর্যন্ত খুনিদের প্রশ্রয়দাতা মন্ত্রী রাজি উদ্দিন আহমেদ রাজুকে নরসিংদীর মাটিতে পা রাখতে দেবে না লোকমান সমর্থকরা।”
বিডিনিউজ টোয়েন্টিফোরডটকম/প্রতিনিধি/এমএইচপি/১৪৪০ ঘ.
bdnews24