ঢাকা, সেপ্টেম্বর ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সরকারি বিজ্ঞান কলেজের এক ছাত্রকে চালকের সহকারী লাঞ্ছিত করেছে এমন অভিযোগে ফার্মগেট এলাকায় কয়েকটি গাড়ি ভাংচুর করেছে কলেজের শিক্ষার্থীরা।
তেজগাঁও থানার ওসি ওমর ফারুক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, বুধবার এক শিক্ষার্থীর সঙ্গে এক বাসের চালকের সহকারীর ঝগড়া হয়। এর জের ধরে বিজ্ঞান কলেজের শিক্ষার্থীরা বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টার দিকে ৫/৬টি গাড়ি ভাংচুর করে।
তিনি বলেন, ফার্মগেট এলাকার ওই কলেজ থেকে প্রায় শতাধিক শিক্ষার্থী হঠাৎ প্রধান সড়কে বের হয়ে গাড়ি ভাংচুর শুরু করে। খবর পেয়ে পুলিশ গিয়ে তাদেরকে ধাওয়া করলে শিক্ষার্থীরা চলে যান।
ভাংচুর চালানোর অভিযোগে পুলিশ কলেজের পাঁচ শিক্ষার্থীকে আটক করেছে বলে জানান ওসি। তাৎক্ষণিকভাবে তাদের নাম জানা যায়নি।
এদিকে শিক্ষার্থীদের হঠাৎ ভাংচুরে ফার্মগেট এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। আশপাশের বেশ কয়েকটি দোকান বন্ধ করে দেয় দোকানিরা। কিছুক্ষণের জন্য যানচলাচলও বন্ধ হয়ে পড়ে।
দুপুর ১টার দিকে পরিস্থিতি স্বাভাবিক হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কেটি/আরএ/১৪১৬ ঘ.
bdnews24