ঢাকা, সেপ্টেম্বর ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানীর তেজগাঁও শিল্পাঞ্চলের বেগুনবাড়ি খাল সংলগ্ন একটি বস্তিতে আগুনে পুড়েছে পাঁচশর বেশি ঘর।
বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টার দিকে বেগুনবাড়ি পদ্মা গার্মেন্টের পাশে ওই বস্তিতে আগুন লাগে।
দেড় ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা হয় বলে অগ্নি নির্বাপক বাহিনীর নিয়ন্ত্রণ কক্ষের দায়িত্বরত কর্মকর্তা নাজমা আক্তার জানিয়েছেন।
অগ্নিকাণ্ডে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।
প্রত্যক্ষদর্শীরা জানান, বস্তির অধিকাংশ বাসিন্দাই নিরাপদে বের হতে পেরেছেন।
আগুনে পুড়ে একটি শিশুর মৃত্যুর খবর শোনা গেলেও তা নিশ্চিত করতে পারেননি অগ্নি নির্বাপক বাহিনীর কেউ।
পদ্মা গার্মেন্টের শ্রমিক জমিদা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আমার এক সহকর্মী তার বাচ্চাকে ঘুম পাড়িয়ে রেখে বাজারে গিয়েছিল। এসে আর বাচ্চাকে উদ্ধার করতে পারেনি।”
পদ্মা গার্মেন্টের সুপারভাইজার আনিসুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আগুনে পাঁচ শতাধিক ঘর পুড়ে গেছে।”
ওই পোশাক কারখানার অনেক শ্রমিকই ওই বস্তিতে থাকতেন।
ক্ষতিগ্রস্তদের অভিযোগ, ঘটনাস্থল থেকে ফায়ার ব্রিগেডের স্টেশন ১০ মিনিটের দূরত্বে হলেও তারা পৌঁছাতে এক ঘণ্টার বেশি সময় নিয়েছেন।
প্রাথমিকভাবে ঘটনাস্থল চিহ্নিত করতে একটু সময় লাগার কথা স্বীকার করলেও দ্রুততম সময়ের মধ্যে অগ্নি নির্বাপক বাহিনীর কর্মীরা ঘটনাস্থলে পৌঁছেছে বলে দাবি করেন নিয়ন্ত্রণ কক্ষের স্টেশন অফিসার মো. দিদার।
তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, “ঘটনাস্থলে পৌঁছে আধা ঘণ্টার মধ্যে কর্মীরা বিপজ্জনক অগ্নিশিখা নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন। এরপর আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসে।”
ঘটনাস্থলে কোনো মৃতদেহ পাওয়া যায়নি বলেও জানান তিনি।
ওই বস্তির প্রায় দুই শতাধিক বাড়ির মালিক প্রকৌশলী মো. হেলাল অভিযোগ করেন, আগুন নেভানোর ব্যাপারে পদ্মা গার্মেন্ট কোনো সহযোগিতা করেননি।
তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “পদ্মা গার্মেন্ট কর্তৃপক্ষ আগুন নেভানোর ব্যাপারে সহায়তা করলে এতটা ক্ষতি হত তা। প্রথমেই তারা ফায়ার ব্রিগেডের গাড়ি কারখানার সামনের সরু রাস্তা দিয়ে ঢুকিয়ে নেয়। ওখানে পানির কোনো উৎস ছিল না।”
পেছনের বেগুনবাড়ি খাল সংলগ্ন রাস্তা দিয়ে গাড়ি ঢুকলে ক্ষয়ক্ষতি অনেকখানি এড়ানো যেত বলে হেলালের বিশ্বাস।
তবে পদ্মা গার্মেন্টের পক্ষ থেকে এই অভিযোগ প্রত্যাখ্যান করে বলা হয়েছে, তাদের কর্মকর্তাসহ শ্রমিকরা স্বতস্ফূর্তভাবে আগুন নেভানোর কাজে অংশ নেয়।
কারখানায় অনেক দাহ্য পদার্থ ছিল জানিয়ে কারখানা কর্মকর্তারা বলেছেন, আগুন তাদের কারখানায় ছড়িয়ে পড়লে পরিস্থিতি ভয়াবহ হতে পারত।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলএইচ/এমএমআর/আরএ/এমআই/১৭৩৫ ঘ.
bdnews24