ঢাকা, সেপ্টেম্বর ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ‘উৎকোচ’ নিয়ে কৃষক ফরহাদ (৪৫) হত্যা মামলার চার আসামির অব্যাহতি চাওয়ার অভিযোগ উঠেছে নবাবগঞ্জ থানার উপ-পরিদর্শক আজিজুর রহমানের বিরুদ্ধে।
বুধবার ঢাকার মুখ্য বিচারিক হাকিম আদালতের অন্যতম হাকিম কানিজ কামরুন নাহারের আদালতে বাদিনী মরিয়ম বেগম ওই অব্যাহতি (চূড়ান্ত প্রতিবেদন) চাওয়ার বিরুদ্ধে না-রাজী আবেদন করেন।
তার আইনজীবী এটিএম আসাদুজ্জামান জানান, এ মামলায় চূড়ান্ত প্রতিবেদনের বিরুদ্ধে আগামি ২১ সেপ্টেম্বর বিচার বিভাগীয় তদন্তের জন্য দিন রাখা হয়েছে।
যাদেরকে এ মামলা থেকে অব্যাহতি চাওয়া হয় তারা হলেন- শেখ চুন্নু, সুফিয়া বেগম, ফাহাদ ও নুর আলম। এ মামলায় শুধুমাত্র অপর আসামি মো. অসীমকে অভিযুক্ত করে তদন্ত প্রতিবেদন দাখিল করা হয় আদালতে।
না-রাজী আবেদনে মরিয়ম বলেন, “এ মামলা থেকে যাদের অব্যাহতি চাওয়া হয়েছে তারা আমার স্বামীকে (নিহত ফরহাদ) পিটিয়ে খাদ্যনালী ফাটিয়ে ফেলে। এদের প্রহারের কারণে আমার স্বামী মারা গেছেন।”
গত ২৩ এপ্রিল নবাবগঞ্জ থানার আজিজপুর গ্রামে কৃষক ফরহাদ গরু নিয়ে মাঠে গিয়েছিলেন। এ সময় পূর্ব শত্রুতার জের ধরে আসামিরা তাকে পিটিয়ে জখম করে। পরে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
গত ৪ মে হাসপাতালে ফরহাদের মৃত্যু হয়। এ ঘটনার পরের দিন নিহতের স্ত্রী মরিয়ম বেগম বাদী হয়ে নবাবগঞ্জ থানায় পাঁচজনকে আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিবি/এইচএ/২১৪৯ ঘ.
bdnews24