ঢাকা, সেপ্টেম্বর ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চলচ্চিত্রে হযরত মুহাম্মদকে (স.) অবমাননার প্রতিবাদে রাজধানীতে বিক্ষোভ করেছে ইসলামী আইন বাস্তবায়ন কমিটিসহ পাঁচটি সমমনা দল।
শুক্রবার জুমার নামাজের পর জাতীয় প্রেসক্লাবের সামনে এই বিক্ষোভ হয়। এ সময় যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামার কুশপুত্তলিকা দাহ করে বিক্ষোভকারীরা।
বিক্ষোভে অংশ নেয়া অন্য সংগঠনগুলো হল, ইসলামী শাসনতন্ত্র আন্দোলন, খেলাফত আন্দোলন, খেলাফত মজলিশ ও বাংলাদেশ ফেকাহ একাডেমি।
খেলাফত আন্দোলনের নেতা জাফরুল্লাহ খান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, যুক্তরাষ্ট্রে নির্মিত ‘ইনোসেন্স অব মুসলিম’ চলচ্চিত্রে হযরত মুহাম্মদকে (স.) অবমাননার প্রতিবাদে ধারাবাহিক কর্মসূচির অংশ হিসেবে এদিন বারাক ওবামার কুশপুত্তলিকা দাহ করা হয়।
এই ঘটনায় যুক্তরাষ্ট্রকে আনুষ্ঠানিকভাবে ক্ষমা চাইতে হবে বলে দাবি করেন বিক্ষোভকারীরা। ক্ষমা না চাইলে সারা দেশে যুক্তরাষ্ট্রবিরোধী তীব্র আন্দোলন গড়ে তোলার হুমকি দেন তারা।
সম্প্রতি ‘ইনোসেন্স অব মুসলিম’ চলচ্চিত্রের একটি অংশ ইন্টারনেটে প্রকাশ হলে বিশ্বের বিভিন্ন দেশে এর প্রতিবাদে বিক্ষোভ শুরু হয়। এ ঘটনায় ইতোমধ্যে লিবিয়া, মিশর ও তিউনিসিয়ায় অবস্থিত যুক্তরাষ্ট্রের দূতাবাসে হামলা হয়েছে। লিবিয়ায় হামলায় দেশটিতে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ক্রিস্টোফার স্টিভেন্সসহ চার জন নিহত হয়েছেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসডব্লিউ/এএইচ/২০০৮ ঘ.
bdnews24