চট্টগ্রাম, সেপ্টেম্বর ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-চট্টগ্রাম বন্দরের এনসিটিতে বেসরকারি অপারেটর নিয়োগে গৃহীত দরপত্র বাতিল হওয়ায় মিষ্টি বিতরণ করেছে নগর আওয়ামী লীগের সভাপতি এবিএম মহিউদ্দিন চৌধুরীর নেতৃত্বাধীন ‘বন্দর রক্ষা পরিষদ’।
‘মাফিয়াদের’ কবল থেকে চট্টগ্রাম বন্দর রক্ষার প্রক্রিয়ায় নিউমুরিং কন্টেইনার টার্মিনালের (এনসিটি) এ দরপত্র বাতিল হওয়ায় শোকরানা মুনাজাতও করা হয়।
বুধবার বিকালে চট্টগ্রাম প্রেসক্লাব চত্বরে এ কর্মসূচি পালন করা হয়।
এ কর্মসূচিতে নগর আওয়ামী লীগ, ১৪ দলীয় জোটের বিভিন্ন দল, বন্দর ব্যবহারকারী বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধি এবং ডক বন্দর শ্রমিক কর্মচারী ফেডারেশনসহ বিভিন্ন সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
এসময় এক সংক্ষিপ্ত সমাবেশে সভাপতির বক্তব্যে সাবেক মেয়র মহিউদ্দিন চৌধুরী বলেন, “চট্টগ্রাম বন্দরকে মাফিয়া চক্রের হাত থেকে রক্ষায় আমরা একত্র হয়েছিলাম। আমরা এতে জয়ী হয়েছি।”
তিনি বলেন, চট্টগ্রামবাসী অতীতেও কারও কাছে মাথা নত করেনি, ভবিষ্যতেও করবে না।
একটি চক্র বন্দরকে ধ্বংসের চক্রান্ত করছে দাবি করে তাদের এ ষড়যন্ত্র চিরতরে বন্ধ করে দেওয়ার আহ্বান জানান তিনি।
সমাবেশ শেষে উপস্থিত সবার মাঝে প্রায় দুইমণ মিষ্টি বিতরণ করা হয় বলে জানানো হয়।
সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাজী ইনামুল হক দানু, যুগ্ম সম্পাদক খোরশেদ আলম সুজন, জাসদ মহানগরের সাধারণ সম্পাদক জসিম উদ্দিন বাবুল, বন্দর শ্রমিক কর্মচারী ফেডারেশনের সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান খান।
গত সোমবার এনসিটি’র বেসরকারি অপারেটর নিয়োগে গৃহীত দরপত্র বাতিলের এবং দ্বিতীয়দফা দরপত্রে বাছাই করা ঠিকাদারদের তালিকা বাতিলের নির্দেশ দেয়া হয় সেন্ট্রাল প্রকিউরমেন্ট টেকনিক্যাল ইউনিটের (সিপিটিইউ) গঠন করা রিভিউ প্যানেল-৩ এর এক রায়ে। এই আদেশ মঙ্গলবার চট্টগ্রাম বন্দরে এসে পৌঁছায়।
‘সাইফ পাওয়ারটেক’ নামে একটি প্রতিষ্ঠানকে কাজ পাইয়ে দিতে এনসিটি’র অপারেটর নিয়োগের দরপত্রের শর্ত লঙ্ঘন করা হয়েছে এমন অভিযোগ করে আন্দোলনে নামেন মহিউদ্দিন চৌধুরীর নেতৃত্বাধীন বন্দর রক্ষা পরিষদ।
এ ইস্যুতে চট্টগ্রাম- ১০ আসনের সরকারদলীয় সাংসদ এম এ লতিফ বন্দর ব্যবহারকারীদের একটি অংশকে সাথে নিয়ে মহিউদ্দিনের বিরোধিতা শুরু করেন। এছাড়া এর বিরোধিতা করেন নৌ-পরিবহনমন্ত্রী শাজাহান খানও।
এদিকে চট্টগ্রাম বন্দরের চাকচি্যুত জাহাজ পাহাড়াদারদের পুনঃনিয়োগের দাবিতে নতুন করে আন্দোলনের কর্মসূচি দিয়েছেন সাবেক সিটি মেয়র এবিএম মহিউদ্দিন চৌধুরী।
বুধবার বিাকলের মিষ্টি বিতরণ কর্মসুচির সমাবেশে বক্তৃতায় তিনি বলেন, এক-এগারোর সময়ে চাকরিচ্যুত জাহাজ পাহাড়াদারদের নিয়োগে উচ্চ আদালতের নির্দেশনা থাকলেও বন্দর কর্তৃপক্ষ তা মানছে না।
আগামী শনিবার পর্যন্ত তাদের পুনঃনিয়োগের সময়সীমা বেঁেধ দিয়ে আগামী ২৩ সেপ্টেম্বর বন্দর ভবনের সামনে অনশন এবং ২০ সেপ্টেম্বর চট্টগ্রাম বন্দরের ১ নম্বর গেটের সামনে সমাবেশ করার ঘোষণা দেন তিনি।
বন্দরে প্রায় সাড়ে ছয়শ চাকরিচ্যুত জাহাজ পাহাড়াদার রয়েছেন। সেনা সমর্থিত বিগত তত্ত্বাবধায়ক সরকার আমলে তাদের চাকরিচ্যুত করা হয়েছিল।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/এইচএ/১৯১৬ ঘ.
bdnews24