কুমিল্লা, সেপ্টেম্বর ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- কুমিল্লা সদর দক্ষিণ উপজেলায় হত্যা মামলায় তিনজনকে মৃত্যুদণ্ড দিয়েছে আদালত।
বুধবার কুমিল্লা জেলা ও দায়রা জজ এ আর মাসউদ এ রায় দেন।
দণ্ডিতরা হলেন, সদর দক্ষিণ উপজেলার রাজাপাড়া গ্রামের আবুল কাশেম (৩০), মো. মোহসিন (২৫) ও পাশের নেউরা গ্রামের মনির হোসেন (২৭)।
আদালতের সরকারি কৌঁসুলি মুজিবুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, স্ট্যাম্পে সই করে রাজাপাড়া গ্রামের চারু মিয়ার কাছ থেকে টাকা ধার নিয়েছিলেন আবুল কাশেম। ২০১১ সালের ৯ জুলাই কাশেম তার দেয়া স্ট্যাম্প ফেরত দিয়ে টাকা নেয়ার জন্য চারুকে রাজাপাড়া চৌমুহনী যেতে বলেন।
চারু মিয়া স্ট্যাম্প নিয়ে বাড়ি থেকে বের হয়ে আর ফিরে আসেনি। পরদিন তার লাশ পাওয়া যায়।
এ ঘটনায় চারু মিয়ার স্ত্রী নিলুফা আক্তার বাদী হয়ে তিনজনকে আসামি করে সদর দক্ষিণ থানায় একটি হত্যা মামলা করেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমডি/১৭৩৪ ঘ.
bdnews24