২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মুক্তির পরই ফের গ্রেপ্তার হিজবুত নেতা

নিষিদ্ধ ঘোষিত হিজবুত তাহরীরের জ্যেষ্ঠ উপদেষ্টা ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের অধ্যাপক সৈয়দ গোলাম মাওলা কাশিমপুর কারাগার থেকে মুক্তির পর ফের গ্রেপ্তার হয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Sep 2012, 06:13 PM

Updated : 24 Aug 2022, 12:09 PM

গাজীপুর, সেপ্টেম্বর ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নিষিদ্ধ ঘোষিত হিজবুত তাহরীরের জ্যেষ্ঠ উপদেষ্টা ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের অধ্যাপক সৈয়দ গোলাম মাওলা কাশিমপুর কারাগার থেকে মুক্তির পর ফের গ্রেপ্তার হয়েছেন। বুধবার বিকালে কারাগারের হাই সিকিউরিটি সেল থেকে তিনি মুক্তি পান, তারপর কারাফটকে পুলিশ আবার তাকে গ্রেপ্তার করে। কাশিমপুর হাই সিকিউরিটি কেন্দ্রীয় কারাগারের জেলার মো. আবুল বাশার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, বুধবার সকালে হাইকোর্ট থেকে গোলাম মাওলার জামিনের কাগজ-পত্র কারা কর্তৃপক্ষের হাতে আসে। বিকাল সাড়ে ৫টায় তাকে মুক্তি দেওয়া হয়। মুক্তির পর পরই জেল গেট থেকে গোয়েন্দা পুলিশ গোলাম মাওলাকে ফের গ্রেপ্তার করে ঢাকার নিয়ে গেছে। কিন্তু কোন মামলায় তাকে আবার গ্রেপ্তার করা হয়েছে তা জানা যায়নি বলে নাম প্রকাশ করার না শর্তে জানান কোনাবাড়ি পুলিশ ফাঁড়ির এক কর্মকর্তা। গোলাম মাওলা ধানমন্ডি এলাকার মৃত সৈয়দ তাজুল ইসলামের ছেলে। ২০১০ সালের ২ মার্চ উত্তরা মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) মোক্তারুজ্জামান সন্ত্রাসবিরোধী আইন-২০০৯ এ গোলাম মাওলাসহ হিযবুত তাহরীরের নেতাকর্মীদের বিরুদ্ধে একটি মামলা দায়ের করেন। এ মামলায় একই বছরের ৮ জুলাই রাজধানীর কাঁটাবন এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। একই বছরের ১২ জুলাই ঢাকার কেন্দ্রীয় কারাগার থেকে গোলাম মাওলাকে গাজীপুরের কাশিমপুর কারাগারে স্থানান্তর করা হয়। এর আগে ২০০৮ সালের ১৮ সেপ্টেম্বর জঙ্গি তৎপরতার সঙ্গে জড়িত সন্দেহে গোলাম মাওলাসহ হিযবুত তাহরীরের ১০ জনকে রাজশাহী থেকে গ্রেপ্তার করা হয়। পরে তিনি মুক্তি পান। নিরাপত্তার জন্য হুমকি বিবেচনায় ধর্মভিত্তিক সংগঠন হিযবুত তাহরীর বাংলাদেশকে ২০০৯ সালের ২২ অক্টোবর নিষিদ্ধ ঘোষণা করা হয়। উগ্র ধর্মীয় মতবাদের কারণে মধ্যপ্রাচ্যের অনেক দেশ, জার্মানি, রাশিয়া, কাজাখস্তান, কিরগিজস্তানসহ বিভিন্ন দেশে হিজবুত তাহরীরের কার্যক্রম নিষিদ্ধ রয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/এইচএ/০০০১ ঘ.