খাগড়াছড়ি, সেপ্টেম্বর ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- খাগড়াছড়ির মাটিরাঙ্গা উপজেলা থেকে অপহরণের সাত ঘণ্টা পর জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের এক পাহাড়ি ছাত্রী মুক্ত হয়েছেন।
বুধবার সকাল ৮টায় মাটিরাঙ্গার হৃদয় মেম্বার পাড়া থেকে তাকে অপহরণ করা হয়। বিকাল পৌনে ৩টায় তাকে গিরিফুল এলাকায় অপরহরণকারীরা ছেড়ে দিয়ে যায়।
পুলিশ ও স্বজনরা জানিয়েছে, প্রশাসনের নানামুখী চাপে অপহরণকারীরা এই ছাত্রীকে ছেড়ে দিতে বাধ্য হয়েছে।
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের এই ছাত্রী (২২) এক সহপাঠীর সঙ্গে সকালে স্টার লাইনের একটি কোচে করে ঢাকা থেকে খাগড়াছড়ি নিজ বাড়ি ফিরছিলেন।
এ ঘটনায় ইউনাইটেড পিপলস্ ডেমোক্রেটিক ফ্রন্টকে (ইউপিডিএফ) দায়ী করা হলেও তারা ঘটনার সঙ্গে নিজেদের সম্পৃক্ত থাকার কথা অস্বীকার করেছে।
তবে ইউপিডিএফ সমর্থিত গণতান্ত্রিক যুব ফোরামের জেলা সংঘঠক রিকো চাকমা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, গাড়ি থেকে নামিয়ে নিয়ে যাওয়ার খবর পেয়ে পরিবারের অনুরোধে তারা ওই ছাত্রীকে উদ্ধার করেছেন।
উদ্ধার হওয়ার পর ওই ছাত্রী তার বাসায় বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, গাড়িতে থাকা ৫/৬ জন অজ্ঞাত পরিচয় পাহাড়ি যুবক তার ও তার সঙ্গীর খোঁজ-খবর নিচ্ছিল। গাড়িটি হৃদয় মেম্বার পাড়ায় আসার পর ওই যুবকরা তাকে টেনে নামিয়ে জঙ্গলের দিকে নিয়ে যায়।
“পরে নৌকায় করে গিরিফুল এলাকায় এনে আমাকে ছেড়ে দেয় অপহরণকারীরা। ছেড়ে দেওয়ায় আগে ‘নির্যাতন করা হয়নি’ এমন কথা রেকর্ড করে রাখে। মোবাইল ফেনটিও রেখে দেয়,” বলেন ওই ছাত্রী।
ছাত্রীর বাবা বলেন, মেয়েকে অপহরণের কথা সকালে তার সঙ্গীর মোবাইল ফোন থেকে পান তিনি।
ওই সঙ্গী এখন নিরাপত্তাবাহিনীর হেফাজতে রয়েছেন বলে তিনি জানান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/ডিডি/২০০৯ ঘ.
bdnews24