ঢাকা, সেপ্টেম্বর ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নিষিদ্ধ সংগঠন হিযবুত তাহরীরের জ্যেষ্ঠ উপদেষ্টা ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের অধ্যাপক ড. সৈয়দ গোলাম মাওলার জামিন বহাল রয়েছে আপিল বিভাগে।
গোলাম মাওলাকে গত ২৩ জুলাই ছয় মাসের জামিন দেয় হাইকোর্ট। এ জামিন আদেশ স্থগিতে রাষ্ট্রপক্ষের করা একটি আবেদন বুধবার আপিল বিভাগের অবকাশকালীন চেম্বার বিচারপতি মো. আবদুল ওয়াহহাব মিয়া খারিজ করে দেন।
আদালতে গোলাম মাওলার পক্ষে শুনানি করেন আইনজীবী মনসুর হাবিব এবং রাষ্ট্রপক্ষে ছিলেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল এমকে রহমান।
২০১০ সালের ২ মার্চ উত্তরা মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) মোক্তারুজ্জামান সন্ত্রাসবিরোধী আইন-২০০৯ এ গোলাম মাওলাসহ হিযবুত তাহরীরের নেতাকর্মীদের বিরুদ্ধে একটি মামলা দায়ের করেন। এ মামলায় একই বছরের ৮ জুলাই রাজধানীর কাঁটাবন এলাকা থেকে তিনি গ্রেপ্তার হন। বর্তমানে তিনি কারাগারে রয়েছেন।
এর আগে ২০০৮ সালের ১৮ সেপ্টেম্বর জঙ্গি তৎপরতার সঙ্গে জড়িত সন্দেহে গোলাম মাওলাসহ হিযবুত তাহরীরের ১০ জনকে রাজশাহী থেকে গ্রেপ্তার করা হয়। পরে তিনি মুক্ত হন।
নিরাপত্তার জন্য হুমকি বিবেচনায় ধর্মভিত্তিক সংগঠন হিযবুত তাহরীর বাংলাদেশকে ২০০৯ সালের ২২ অক্টোবর নিষিদ্ধ ঘোষণা করা হয়।
উগ্র ধর্মীয় মতবাদের কারণে মধ্যপ্রাচ্যের বেশির ভাগ দেশ, জার্মানি, রাশিয়া, কাজাখস্তান, কিরগিজস্তানসহ বিভিন্ন দেশে হিজবুত তাহরীরের কার্যক্রম নিষিদ্ধ রয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএন/এএইচ/১৩২৫ ঘ.
bdnews24