ঢাকা, সেপ্টেম্বর ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সংযুক্ত আরব আমিরাতের রাষ্ট্রায়ত্ত বিমান সংস্থা ইতিহাদ এয়ারওয়েজের বহরে নয়টি বোয়িং ৭৭৭ মডেলের উড়োজাহাজ অন্তর্ভুক্ত হচ্ছে।
মঙ্গলবার ইতিহাদের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, ইতিহাদের প্রধান নির্বাহী কর্মকর্তা জেমস হোগান স¤প্রতি বোয়িং এভারেট প্রোডাকশনের সুবিধাদি পরিদর্শন শেষে এ সিদ্ধান্তের কথা জানান।
পরিদর্শনকালে জেমস হোগান বলেন, “এসব এয়ারক্রাফটের চূড়ান্ত রূপ দেখতে পাওয়া দারুণ এক উত্তেজনাপূর্ণ ব্যাপার। আমরা খুবই আগ্রহের সঙ্গে পরবর্তী ১৫ মাসে আরো ৯টি বোয়িং ৭৭৭ উড়োজাহাজ গ্রহণের জন্য অপেক্ষায় আছি।”
এদিকে এশিয়ান পর্যটন মেলায় অভ্যন্তরীণ এবং আন্তর্জাতিক রুটে বিমানযাত্রীদের জন্য শতকরা ১৫ ভাগ মূল্যছাড় ঘোষণা করেছে বেসরকারি বিমান সংস্থা ইউনাইটেড এয়ারওয়েজ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএইচএ/এএল/২২৫৭ ঘ.
bdnews24