ঢাকা, সেপ্টেম্বর ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- উপকূলীয়সহ ১৭ জেলায় ইলিশ ধরা, সংরক্ষণ, বাজারজাত এবং পরিবহন বন্ধে স্থানীয় সংসদ সদস্য এবং প্রশাসনের সহযোগিতা চেয়ে চিঠি দিয়েছে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়।
মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী আব্দুল লতিফ বিশ্বাস ও মন্ত্রণালয়ের সচিব উজ্জল বিকাশ দত্ত জেলা ও উপজেলা প্রশাসনসহ সংশ্লিষ্ট সব দপ্তরের কর্মকর্তাদের কাছে মঙ্গলবার এ চিঠি পাঠিয়েছেন।
জাতীয় মাছ ইলিশ রক্ষা ও এর উন্নয়নে আগামী ২৫ থেকে ৫ অক্টোবর পর্যন্ত ‘মা ইলিশ রক্ষা কর্মসূচি’ ঘোষণা করেছে সরকার। এর আওতায় এই ১১ দিন এসব জেলায় ইলিশ মাছ ধরা, সংরক্ষণ, বাজারজাতকরণ ও পরিবহন নিষিদ্ধ থাকবে।
এ ব্যাপারে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী আব্দুল লতিফ বিশ্বাস বলেন, এ কর্মসূচি বাস্তবায়নে প্রশাসন ও পুলিশসহ বিভিন্ন পর্যায়ে ইতোমধ্যেই প্রস্তুতি নেওয়া হয়েছে।
তবে মন্ত্রণালয় মনে করে, বিভিন্ন প্রচারণা চালানোর পাশাপাশি স্থানীয়ভাবে নির্বাচিত জাতীয় সংসদ সদস্যরাও নির্বাচিত প্রতিনিধি হিসেবে এতে ইতিবাচক ভূমিকা রাখতে পারেন।
মন্ত্রী বলেন, “সংসদ সদস্যরা ব্যক্তিগত সহায়তা ও পরামর্শ দিয়ে ইলিশ রক্ষা ও উন্নয়ন কর্মসূচিকে সফল করতে পারেন। এজন্য তাদের সহায়তা চেয়ে চিঠি দেওয়া হয়েছে। একইভাবে পুলিশ ও কোস্টগার্ডসহ প্রশাসনের বিভিন্ন পর্যায়ের সকলের সহায়তাও চাওয়া হয়েছে।”
চিঠিতে বলা হয়েছে, ইলিশের উৎপাদন বাড়াতে দেশের সাতটি জেলার ২৮টি উপজেলায় ইলিশ মাছ ধরা নিষিদ্ধ করা হয়েছে। এরসঙ্গে আরো ১৭টি জেলাকে অন্তর্ভুক্ত করা হয়েছে।
১৭টি জেলা হলো- ভোলা, পটুয়াখালী, ঝালকাঠি, বরিশাল, পিরোজপুর, লক্ষ্মীপুর, নোয়াখালী, ফেনী, চট্টগ্রাম, কক্সবাজার, চাঁদপুর, মাদারীপুর, শরিয়তপুর, মানিকগঞ্জ, মুন্সিগঞ্জ, বরগুনা ও বাগেরহাট।
এই ১১ দিন এসব এলাকায় নৌবাহিনী, কোস্টগার্ড, র্যাব ও পুলিশ এবং স্থানীয় প্রশাসন যৌথভাবে ঝটিকা অভিযান ও ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে দোষীদের শাস্তি দেবে।
পূর্ণিমার রাতসহ (৩০ সেপ্টেম্বর) আগের ও পরের রাতে নদীর মোহনা ও খাড়িগুলোতে যৌথ অভিযান পরিচালনা করা হবে।
এই তিনদিন ও রাতে ইলিশ মাছ নদীর মোহনায় ডিম পাড়ে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/আরএ/১৮২৫ ঘ.
bdnews24