ঢাকা, সেপ্টেম্বর ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ব্যাংকের টাকা লোপাট ও পাচারের সঙ্গে রাষ্ট্র ক্ষমতার প্রত্যক্ষ মদদ রয়েছে দাবি করে হলমার্কের অর্থ কেলেঙ্কারির বিচার নিয়ে আশঙ্কা প্রকাশ করেছেন অধ্যাপক আনু মুহাম্মদ।
মঙ্গলবার রাজধানীতে এক আলোচনা সভায় তিনি বলেন, “রাষ্ট্র ক্ষমতার প্রত্যক্ষ মদদ ছাড়া ‘এক তানভীর’ বা ‘ওই সালমানের’ পক্ষে ব্যাংকের অর্থ লুট করা সম্ভব নয়।”
“এখানে তানভীর একটা প্রতিনিধি। সময়ের ঘটনার খলনায়ক। সরকারের জালের মধ্যেই হলমার্কের দুর্নীতির ঘটনা ঘটেছে,” মন্তব্য করেন তিনি।
সম্প্রতি বাংলাদেশ ব্যাংকের একটি নিরীক্ষায় দেখা যায়, সোনালী ব্যাংকের একটি শাখা থেকে তৈরি পোশাক উৎপাদন ও রপ্তানিকারক প্রতিষ্ঠান হলমার্ক গ্রুপ প্রায় আড়াই হাজার কোটি টাকা হাতিয়ে নিয়েছে। তানভীর মাহমুদ এই প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক।
হলমার্ক নিয়ে সরকার যেভাবে এগোচ্ছে তাতে এই অর্থ লোপাটের সঙ্গে জড়িতদের বিচার হবে না বলে মন্তব্য করেন আনু মুহাম্মদ।
তিনি বলেন, “এতে স্পষ্ট হয়, দুর্বৃত্তদের ধরা হবে না। কোনো ব্যবস্থা নেয়া হবে না। এই সুযোগে তানভীর পোস্টার ছাপাচ্ছে। লোকজন ভাড়া করছে।”
অর্থ হাতিয়ে নেয়ার সঙ্গে জড়িতদের বিচার নিয়ে সংশয়ের পিছনে অন্য ‘দৃষ্টান্ত’ও তুলে ধরেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের এই অধ্যাপক।
তিনি বলেন, “স্বাধীনতার পর বাংলাদেশে ব্যাংকের টাকা লোপাট ও বড় বড় ঋণখেলাপি পার পেয়ে গেছে। এক্ষেত্রে সালমান এফ রহমান একটা কেইস স্টাডি হতে পারে।”
“১৯৯৬ সালে সালমান এফ রহমানের ঋণখেলাপির বিষয়ে একটা তদন্ত কমিটি করা হয়েছিল। কিন্তু পরবর্তীতে বিএনপি ও আওয়ামী লীগ সরকার ক্ষমতায় এলেও সেই তদন্ত প্রতিবেদন প্রকাশ করা হয়নি। একই ব্যক্তি পরবর্তীতে বহুবার ঋণখেলাপির জন্য অভিযুক্ত হয়েছেন।”
“ঋণখেলাপির তালিকায় সালমান এফ রহমান ও তার ভাই সোহেল এফ রহমানের নাম সবার উপরে থাকার কারণে বাংলাদেশ ব্যাংকের এক সময়ের গভর্নর লুৎফর রহমানের কক্ষে গিয়ে তাকে গালাগালি, হুমকি-ধমকি দিয়েছিল ওই দুই ভাই।”
আনু মুহাম্মদ বলেন, “এই ঘটনায় তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেয়া যেত কিন্তু উল্টো গভর্নরের চাকরি চলে যায়।”
সকালে জাতীয় প্রেসক্লাবে গণসংহতি আন্দোলন আয়োজিত ‘ব্যাংক লোপাট, পুঁজি পাচার, লুণ্ঠনের অর্থনীতি ও বাংলাদেশের ভবিষ্যৎ’ শীর্ষক আলোচনায় এসব বলেন তিনি।
হলমার্কের ঘটনায় অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতেরও সমালোচনা করেন আনু মুহাম্মদ।
তিনি বলেন, হলমার্ক কেলেঙ্কারির ঘটনা প্রকাশের পর প্রথমে অর্থমন্ত্রী এটাকে ‘রাবিশ’, ‘কোন অর্থই না’, ‘বাংলাদেশ ব্যাংকের এখতিয়ার নাই’ ধরনের নানা কথা বলেন।
“তারপর হঠাৎ করে পাবলিক ট্রায়াল করার কথা বলছেন? অর্থমন্ত্রী কি ফ্রুটি জাতীয় কিছু খেলেন যে হঠাৎ করে আবার সত্য কথা বলা শুরু করলেন?”
আলোচনা সভায় সৈয়দ আবুল মকসুদ বলেন, “সাড়ে তিন বছরে দেশে লোপাটের শেষ নাই। সব লোপাট হচ্ছে।”
“সাড়ে তিন বছর ধরে অর্থমন্ত্রী যে বক্তব্য দিয়েছেন তার মধ্যে সবচেয় সত্য বক্তব্য হলো হলমার্ক নিয়ে তার মন্তব্য যেখানে তিনি এই অর্থ লোপাটকে ‘বেশি না’ বলেছিলেন।”
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএসটি/এএইচ/এমআই/১৮২২ ঘ.
bdnews24