কুষ্টিয়া, সেপ্টেম্বর ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- কুষ্টিয়ার মিরপুর উপজেলায় পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ পূর্ব বাংলার কমিউনিস্ট পার্টির (এমএল লাল পতাকা) শীর্ষ নেতা রাহাত আলী (৪৫) নিহত হয়েছেন।
মিরপুরের কুর্শা হাইস্কুল সংলগ্ন ঈদগাহ মাঠে মঙ্গলবার এ ঘটনা ঘটে। পুলিশ ঘটনাস্থল থেকে অস্ত্র, গুলি ও বোমা উদ্ধার করেছে।
রাহাত মিরপুরের কুর্শা ইউনিয়নের বাশবাড়ীয়া গ্রামের মৃত নওয়াব আলীর ছেলে। তার বিরুদ্ধে পাঁচটি হত্যামামলাসহ ১১টি মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
২০০২ সালেও রাহাত পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধের এক পর্যায়ে গুলিবিদ্ধ অবস্থায় সাতটি অস্ত্র ও গুলিসহ গ্রেপ্তার হয়েছিলেন। বেশ কিছুদিন কারাবাসের পর উচ্চ আদালত থেকে জামিনে মুক্তি পান তিনি।
ভেড়ামারা-মিরপুর সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার সিএ হালিম বলেন, “কুর্শা হাইস্কুল সংলগ্ন ঈদগাহ মাঠে সশস্ত্র চরমপন্থিরা নাশকতামূলক কর্মকাণ্ড ঘটনানোর জন্য গোপন বৈঠক করছে খবর পেয়ে সোমবার মধ্যরাতের পর অভিযান চালায় পুলিশ।”
“রাত সাড়ে ৩টার দিকে সেখানে পুলিশ উপস্থিত হলে চরমপন্থিরা পুলিশকে লক্ষ্য করে গুলি ছোড়ে। পুলিশও পাল্টা গুলি চালায়। বন্দুকযুদ্ধে রাহাত গুলিবিদ্ধ হন।”
“পুলিশ তাকে উদ্ধার করে মিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।”
“পুলিশ ঘটনাস্থল থেকে একটি বিদেশী নাইন এমএম পিস্তল, একটি এলজি, দুই রাউন্ড পিস্তলের গুলি, ছয় রাউন্ড বন্দুকের কার্তুজ এবং চারটি বোমা উদ্ধার করে।”
“তবে অন্য সন্ত্রাসীরা পালিয়ে যায়।”
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএইচপি/১২৫৬ ঘ.
bdnews24