২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘সেবা করতে চাই, সে দায়িত্বই পেয়েছি’

দুখীজন এবং আর্তজনের সেবা করার যে মন্ত্রে ‘বিশ্বাস করে এসেছেন’- সেই দায়িত্ব পেয়ে প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন সমাজকল্যাণ মন্ত্রণালয়ের নতুন প্রতিমন্ত্রী প্রমোদ মানকিন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Sep 2012, 08:43 AM

Updated : 24 Aug 2022, 12:09 PM

ঢাকা, সেপ্টেম্বর ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দুখীজন এবং আর্তজনের সেবা করার যে মন্ত্রে ‘বিশ্বাস করে এসেছেন’- সেই দায়িত্ব পেয়ে প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন সমাজকল্যাণ মন্ত্রণালয়ের নতুন প্রতিমন্ত্রী প্রমোদ মানকিন। মঙ্গলবার দুপুরে তিনি সমাজকল্যাণ মন্ত্রণালয়ের দায়িত্ব বুঝে নেন। এ সময় তাকে ফুল দিয়ে বরণ করে নেন মন্ত্রণালয়ের মন্ত্রী এনামুল হক মোস্তফা শহীদ। প্রতিমন্ত্রীর দায়িত্ব গ্রহণ উপলক্ষে অনুষ্ঠানে মন্ত্রণালয়ের কর্মচারী-কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময়ে মন্ত্রী এনামুল হক মোস্তফা শহীদ বলেন, নতুন প্রতিমন্ত্রী আসায় মন্ত্রণালয়ের কাজ আরো গতিশীল হবে। প্রতিমন্ত্রী প্রমোদ মানকিন বলেন, “প্রধানমন্ত্রী এ পদে ন্যাস্ত করায় তার (এনামুল হক মোস্তফা শহীদ) সানিধ্যে বসে কাজ করার সুযোগ পাব।” “দুঃখজনক এবং আর্তজনের সেবা করার যে মন্ত্রে আমি বিশ্বাসী, সে ক্ষেত্রেই দায়িত্ব পেয়েছি। উনি (মন্ত্রী) আমাকে গ্রহণ করেছেন এজন্য তাকে আমি শ্রদ্ধা ও শুভেচ্ছা জানাই”, বলেন নতুন প্রতিমন্ত্রী। মন্ত্রণালয়ের কর্মচারী-কর্মকর্তাদের কাজে সহযোগিতার আহ্বান জানিয়ে প্রমোদ মানকিন বলেন, “রাজনীতিতে আসার আগে আমি এনজিওতে কাজ করেছি। এখানে আমি পূর্ব অভিজ্ঞতা কাজে লাগাতে পারব।” গত রোববার সংস্কৃতি মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী প্রমোদ মানকিনকে সমাজকল্যাণ মন্ত্রনালয়ের দায়িত্ব দেয়া হয়। সরকারের মেয়াদ আর এক বছর বাকি থাকতে গত বৃহস্পতিবার নতুন পাঁচমন্ত্রী ও দুই প্রতিমন্ত্রী শপথ নেন। এরপর শনিবার তাদের মধ্যে দপ্তর বণ্টন করা হয়। পুরনোদের মধ্যেও আনা হয় ব্যাপক রদবদল। এই রদবদলে তথ্য ও সংস্কৃতি মন্ত্রণালয় ভেঙে দুটি আলাদা মন্ত্রণালয় করে এই দপ্তরের পুরনো মন্ত্রী আবুল কালাম আজাদকে দেয়া হয়েছে কেবল সংস্কৃতি মন্ত্রণালয়ের দায়িত্ব। আর তথ্যের দায়িত্ব পেয়েছেন নতুন মন্ত্রী হওয়া জাসদ সভাপতি হাসানুল হক ইনু। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএইচএ/আরএ/১৪৩৫ ঘ.