কক্সবাজার, সেপ্টেম্বর ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- কক্সবাজারের উপকূলীয় উপজেলা পেকুয়ায় এক হোমিওপ্যাথিক চিকিৎসক খুন হয়েছেন।
মঙ্গলবার সকালে চিকিৎসক হারাধন দাশকে (৬০) পেকুয়া বাজারে তার চেম্বার ‘ন্যাশনাল হোমিও’ এর একটি কক্ষ থেকে মৃত অবস্থায় উদ্ধার করা হয়।
হারাধনের গ্রামের বাড়ি চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার নতুন হাটের পুরান ঘর এলাকায়। তাঁর বাবা নিরঞ্জন দাশ।
পেকুয়া থানার ওসি আনোয়ার হোসেন সাংবাদিকদের জানান, হারাধনের হত্যার কারণ জানা যায়নি।
ন্যাশনাল হোমিও এর সহকারী লিটন জানান, সোমবার রাত ১১টায় দোকান বন্ধ করে ঘুমাতে গিয়েছিলেন ডা. হারধন। চেম্বারের পেছনে একটি কক্ষেই ঘুমাতেন তিনি।
তিনি বলেন, “সকালে বাড়ি থেকে এসে দেখি চেম্বারের লোহার গ্রিল ও তালা খোলা। চেম্বারের টেবিলেই দু’টি তালা পড়ে আছে। পেছনের কক্ষে খাটের পাশে মেঝেতে ডা. হারাধনের লাশ পড়ে আছে।”
লাশের গলায় একটি গামছা প্যাচানো ছিল বলেও জানান লিটন।
হারাধনের লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানোর ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএইচপি/১২১২ ঘ.
bdnews24