গাজীপুর, সেপ্টেম্বর ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ‘মারধর’ ও ছাটাইয়ের প্রতিবাদে গাজীপুর সদর উপজেলার ভোগড়া চৌধুরী বাড়ি এলাকায় একটি কারখানায় শ্রমিক বিক্ষোভের মুখে এক দিনের ছুটি ঘোষণা করেছে কর্তৃপক্ষ।
মঙ্গলবার সকালে ভিয়েলা নিট ফ্যাশন লিমিটেড নামের পোষাক কারখানায় এ ঘটনা ঘটে। দুপুরের দিকে পরিস্থিতি নিয়ন্ত্রণ আনে পুলিশ।
জয়দেবপুর থানার ভোগড়া পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) মো. সোজায়েত হোসেন ছাটাইয়ের জেরে শ্রমিক অসন্তোষ হয়েছে জানালেও শ্রমিক মারধরের ঘটনা তার জানা নেই বলে জানান তিনি।
মারধরের কথা অস্বীকার করে কারখানার ব্যবস্থাপক মো. সামসুজ্জামান বলেন, “কারখানার শৃঙ্খলা পরিপন্থি কর্মকাণ্ডের জন্য এক শ্রমিককে পাওনা পরিশোধ করে ছাটাই করা হয়েছে।”
“একে ইস্যু করে ঘটনা অন্যদিকে প্রবাহিত করতে কতিপয় বহিরাগত শ্রমিকদের উস্কে দিয়েছে।”
“মঙ্গলবার থেকে শুক্রবার পর্যন্ত কারখানাটি ছুটি ঘোষণা করা হয়েছে। শনিবার কারখানা চালু হবে।”
কারখানার এক শ্রমিক জানান, গত শনিবার তাদের এক সহকর্মীকে কর্তৃপক্ষ ছাটাই করে।
“আরো ৩৫ শ্রমিক ছাটাইয়ের একটি তালিকা তৈরি করেছে কারখানা কর্তৃপক্ষ।”
“মঙ্গলবার সকালে কর্তৃপক্ষ ওই তালিকাভুক্ত মো. গাজী নামের আরো এক শ্রমিককে ছাটাই এবং তাকে কারখানা থেকে বের করে দিতে চাইলে কর্তৃপক্ষের সঙ্গে তার বাকবিতণ্ডা শুরু হয়।”
“এক পর্যায়ে কর্তৃপক্ষের ভাড়াটে মাস্তানরা তাকে মারধোর করে।”
এ খবর পেয়ে অন্য শ্রমিকরা কর্মবিরতি ও বিক্ষোভ শুরু করে বলে জানান তিনি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএইচপি/১৫৩১ ঘ.
bdnews24