ঢাকা, সেপ্টেম্বর ১৭, (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আদালতের নির্দেশ অগ্রাহ্য করায় ব্র্যাক ব্যাংকের গুলশান হেড অফিসের আঞ্চলিক ব্যবস্থাপক মো. মোজাম্মেল হোসেনকে কারাগারে পাঠিয়েছে আদালত।
সোমবার ঢাকার তৃতীয় অতিরিক্ত মহানগর দায়রা জজ আখতারুজ্জামান এ আদেশ দেন।
এদিন আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করলে আদালত তা নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেয়।
চেক প্রতারণা সংক্রান্ত এক আপিল মামলায় আসামির দাখিল করা একটি ‘নো অবজেকশন’ সার্টিফিকেট সম্পর্কে জানতে আদালত গত ২৯ জুলাই মোজাম্মেল হোসেনকে তলব করে। তাকে ২ সেপ্টেম্বর আদালতে হাজির হতে বলা হয়।
কিন্তু তিনি ওইদিন আদালতে হাজির না হয়ে তার কার্যালয়ের অ্যাসোসিয়েট ম্যানেজার জাহেদুল ইসলামকে আদালতে পাঠান।
আদালত ওইদিন আদেশ দেয় এবং এতে বলা হয়, আসামিকে ‘নো অবজেকশন’ সার্টিফিকেট প্রদান করেছেন ব্র্যাক ব্যাংকের রিজিওনাল ম্যানেজার মো. মোজাম্মেল হোসেন। তাই তার উপস্থিতি প্রয়োজন।
আদালতের আদেশের কপি পাওয়ার পরও মোজাম্মেল হোসেন আদালতে হাজির না হওয়ায় তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি ও একই ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালককে ‘শোকজ’ করা হয়।
আদালতের গ্রেপ্তারি পরোয়ানা থাকায় মোজাম্মেল হোসেন সোমবার আদালতে আত্মসমর্পণ করে জামিন চান।
২০০২ সালের ৬ অক্টোবর জনৈক একরামুল হককে ১০ লাখ টাকা ঋণ দেয় ব্র্যাক ব্যাংক। কিন্তু তিনি ঋণ খেলাপি হওয়ায় ব্র্যাক ব্যাংক ৮ লাখ ৩৪ হাজার ২১৬ টাকার একটি চেক প্রতারণার মামলা করে। ২০০৯ সালের ২৭ জুলাই ওই মামলার রায় হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিবি/এইচএ/২৩৪০ ঘ.
bdnews24