২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

জট খুলে যাচ্ছে পদ্মার

পদ্মা সেতু প্রকল্পে ফিরে আসতে বিশ্ব ব্যাংকের চার শর্তের শেষ শর্ত পূরণের পর দেশের বৃহত্তম অবকাঠামো নির্মাণে বহুজাতিক দাতা সংস্থাটি ফিরে আসছে বলে নিশ্চিত এর ঢাকা কার্যালয়ের কর্মকর্তারা। আবদুর রহিম হারমাছির প্রতিবেদন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Sep 2012, 04:42 PM

Updated : 24 Aug 2022, 12:08 PM

আবদুর রহিম হারমাছি প্রধান অর্থনৈতিক প্রতিবেদক ঢাকা, সেপ্টেম্বর ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পদ্মা সেতু প্রকল্পে ফিরে আসতে বিশ্ব ব্যাংকের চার শর্তের শেষ শর্ত পূরণের পর দেশের বৃহত্তম অবকাঠামো নির্মাণে বহুজাতিক দাতা সংস্থাটি ফিরে আসছে বলে নিশ্চিত এর ঢাকা কার্যালয়ের কর্মকর্তারা। চার শর্তের শেষটি বিশ্ব ব্যাংকের এ যাবতকালের সবচেয়ে বড় প্রকল্পটির ইন্টিগ্রিটি অ্যাডভাইজার মসিউর রহমান সোমবার ছুটিতে গিয়েছেন বলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে নিশ্চিত করেছে সরকারের একাধিক সূত্র। মসিউর রহমানকে ছুটির খবর প্রকাশ হওয়ার ঘণ্টাখানেক আগে রাজধানীর ব্র্যাক সেন্টারে বিশ্ব ব্যাংক ঢাকা অফিসের জ্যেষ্ঠ অর্থনীতিবিদ জাহিদ হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “বিশ্ব ব্যাংকের এখন একটাই শর্ত। মসিউর রহমান সাহেবকে ছুটিতে পাঠালে অথবা সরিয়ে দিলে বিশ্ব ব্যাংক পদ্মা সেতু প্রকল্পে অর্থায়ন করবে।” “ওয়াশিংটনে প্রধান কার্যালয় থেকে আমাদের এমনটাই জানানো হয়েছে,” বলেন তিনি। ব্যাংকের ঢাকা কার্যালয়ের একটি সূত্র জানায়, মসিউর রহমানকে প্রধানমন্ত্রীর অর্থনৈতিক উপদেষ্টার পদ থেকে বাদ অথবা ছুটিতে পাঠালে বিশ্ব ব্যাংক এ প্রকল্পে ফিরে আসবে- এ সংক্রান্ত চিঠি রোববার প্রধানমন্ত্রীর কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে পাঠানো হয়। পদ্মা সেতু প্রকল্পের ইন্টিগ্রিটি অ্যাডভাইজর মসিউরকে বাদ অথবা ছুটিতে পাঠালে বিশ্ব ব্যাংক পদ্মা প্রকল্পে অর্থায়ন করবে- এ শর্ত নিয়ে আলোচনা হওয়ার খবর বের হলেও সংস্থাটির পক্ষ থেকে এ সংক্রান্ত কোনো চিঠি এর আগে সরকারের কাছে দেয়া হয়নি। দুর্নীতির অভিযোগ তুলে গত সেপ্টেম্বরে বিশ্ব ব্যাংক ২৯১ কোটি ডলারের পদ্মা সেতু প্রকল্পে অর্থায়ন স্থগিত করে। এরপর চারটি শর্ত দিয়ে তা পালিত হয়নি জানিয়ে গত ২৯ জুন ঋণচুক্তি বাতিল করে সংস্থাটি। পদ্মা সেতুতে বিশ্ব ব্যাংকের অর্থায়ন বাতিলের পর সরকার নিজস্ব অর্থায়নে এই সেতু নির্মাণের ঘোষণা দিলেও সংস্থাটিকে ফিরিয়ে আনার তৎপরতাও চালাতে থাকে। অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত ইতোমধ্যে বলেছেন, বিশ্ব ব্যাংক প্রকল্পে ফিরে আসার ইঙ্গিত পেলেই সিদ্ধান্ত পুনর্বিবেচনার জন্য সংস্থাটির কাছে চিঠি পাঠানো হবে। এদিকে রোববার রাতেই ওয়াশিংটন রওনা হন প্রধানমন্ত্রীর উপদেষ্টা গওহর রিজভী। ঢাকায় বিশ্ব ব্যাংকের আবাসিক প্রতিনিধি অ্যালেন গোল্ডস্টেইনও এখন ওয়াশিংটনে। সোমবার রাতে বিশ্ব ব্যাংক ঢাকা কার্যালয়ের অফিসের কমিউনিকেশনস অফিসার মেহেরিন আহমেদ মাহবুব বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “পদ্মা সেতু প্রকল্প নিয়ে আলোচনার জন্য শনিবার ওয়াশিংটন গেছেন অ্যালেন গোল্ডস্টেইন। প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা গওহর রিজভীও এখন ওয়াশিংটনে। ওখানে হেড কোয়ার্টারে শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে বিষয়টি নিয়ে আলোচনা হবে।” শনিবার আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির বৈঠকে স্থানীয় সরকারমন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম দলীয় নেতাদের উপস্থিতিতে প্রধানমন্ত্রীকে বলেন, মসিউর ছুটিতে গেলে বিশ্ব ব্যাংক সিদ্ধান্ত বদলাবে। এর আগে বিশ্ব ব্যাংকের শর্ত মেনে তাদের উত্থাপিত দুর্নীতির অভিযোগে পদত্যাগ করেন যোগাযোগমন্ত্রী সৈয়দ আবুল হোসেন, সেতু বিভাগের সচিব মোশাররফ হোসাইন ভূঞা যান ছুটিতে। দুর্নীতির অভিযোগ তদন্তে দুর্নীতি দমন কমিশন বিশ্ব ব্যাংকের সঙ্গে যৌথ তদন্ত করতেও রাজি হয়। আবুল হোসেনের পদত্যাগের পর অর্থমন্ত্রী বলেছিলেন, বিশ্ব ব্যাংকের ফেরার ক্ষেত্রে বাকি বাধাও কেটে যাচ্ছে। পদ্মা সেতু প্রকল্পে বিশ্ব ব্যাংকের দেয়ার কথা ছিল ১২০ কোটি ডলার। এছাড়া এই প্রকল্পে এডিবি ৬১ কোটি ৫০ লাখ, জাইকা ৪০ কোটি এবং আইডিবি ১৪ কোটি ডলার দিতে প্রতিশ্রুতিবদ্ধ। বিশ্ব ব্যাংক সরে যাওয়ার পর এডিবি ও জাইকা তাদের ঋণচুক্তির মেয়াদ দুই দফা বাড়িয়েছে। পাশাপাশি বিশ্ব ব্যাংকের সঙ্গে বাংলাদেশের সমঝোতাও আশা করে আসছে তারা। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এআরএইচ/এমআই/২২৩৭ ঘ.