নরসিংদী, সেপ্টেম্বর ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নরসিংদীর শিবপুর উপজেলার ভূমি কার্যালয়ের রেকর্ড বই বাড়িতে নেয়ার অভিযোগে সোমবার তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
এরা হলেন ভূমি কার্যালয়ের নাজির মো. আনোয়ার হোসেন, পিওন মো. জাকির হোসেন এবং স্থানীয় আনোয়ার হোসেন (৪৮)। পরে তাদের কারাগারে পাঠানো হয়।
এছাড়া নাজির মো. আনোয়ার হোসেন, পিওন মো. জাকির হোসেনকে সাময়িক বরখাস্ত করা হয় বলেও উপজেলা প্রশাসন জানিয়েছে।
থানার ওসি কে এম ফিরোজ আলম সাংবাদিকদের বলেন, ভূমি কার্যালয়ের রেকর্ড বই জালিয়াতির অভিযোগে পলাশ উপজেলার পণ্ডিতপাড়া গ্রামের মো. আনোয়ার হোসেনকে (৪৮) গ্রেপ্তার করা হয়। এ সময় তার বাড়ি থেকে একটি রেকর্ড বইও উদ্ধার করে পুলিশ।
পরে তার স্বীকারোক্তি অনুযায়ী ঘটনার সঙ্গে জড়ির শিবপুর ভূমি কার্যালয় থেকে নাজির মো. আনোয়ার হোসেন ও পিওন মো. জাকির হোসেনকে গ্রেপ্তার করা হয়। এ ব্যাপারে শিবপুর থানায় মামলা দায়ের করা হয়েছে।
তিনি আরো বলেন, নরসিংদী মুখ্য বিচার বিভাগীয় হাকিম আদালতে হাজির করা হলে বিচারক নিতাই চন্দ্র সাহা তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
শিবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. হেলাল উদ্দিন বলেন, ৮/৯ মাস ধরে এ অফিসে কোন সহকারী ভূমি কমিশনার নেই। তিনি মাঝে মধ্যে দেখাশোনা করেন।
ভূমি কার্যালয়ের রেকর্ড বই বাড়িতে নিয়ে যাওয়ার অভিযোগে নাজির আনোয়ার হোসেন ও পিওন জাকিরকে সাময়িক বরখাস্ত করা হয়েছে বলেও জানান ইউএনও।
তিনি আরো বলেন, রেকর্ড বই একটি গুরুত্বপূর্ণ জিনিস। কোনো অবস্থাতেই তা বাইরে থাকার কথা নয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/ডিডি/১৯১২ ঘ.
bdnews24