চট্টগ্রাম, সেপ্টেম্বর ১৭ (বিডিনউজ টোয়েন্টিফোর ডটকম)- চট্টগ্রামের বাঁশখালী উপকূল হয়ে বঙ্গোপসাগর পাড়ি দিয়ে মালয়েশিয়া যাওয়ার চেষ্টাকালে ১১২ জনকে উদ্ধার করেছে পুলিশ।
মালয়েশিয়ায় মানুষ পাচারে সহযোগিতার অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে এক ব্যক্তিকে। জব্দ করা হয় ইঞ্জিনচালিত একটি ট্রলারও।
সোমবার শেষরাতে বাঁশখালী উপজেলার ছনুয়া ইউনিয়নের আরবশাহ বাজার সংলগ্ন উপকূলীয় এলাকা থেকে তাদের আটকের পর হেফাজতে নেয় পুলিশ। এদের মধ্যে কক্সবাজার, যশোর, নওগাঁ, নরসিংদী, ফরিদপুরসহ ১১ জেলার বাসিন্দা রয়েছেন।
বাঁশখালী থানার ওসি আক্তার হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “দেশের বিভিন্ন এলাকা থেকে বাঁশখালীর ছনুয়া ইউনিয়ন পরিষদের আরবশাহ বাজার সংলগ্ন উপকূলীয় এলাকায় লোকজনকে জড়ো করা হয়। স্থানীয় কিছু লোক তাদেরকে সমুদ্রপথে মালয়েশিয়া পৌঁছে দেওয়ার কথা ছিল।’’
তিনি জানান, স্থানীয় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান রেজাউল হকের কাছ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে ভোররাত সাড়ে তিনটার দিকে ঘটনাস্থল থেকে এই ১১২ জনকে উদ্ধার করা হয়।
মালয়েশিয়া যাওয়ার জন্য ওই স্থানে কয়েকশ লোক জড়ো হলেও সেখান থেকে ১১২ জনকে আটক করে হেফাজতে নেওয়া হয়। সকালে অবশ্য পুলিশ বাঁশখালী উপকূল থেকে ১২০ জনকে আটকের কথা জানিয়েছিল।
ইঞ্জিনচালিত ট্রলারের মাঝি মনজুরুল আলমকে গ্রেপ্তার করা হয়েছে জানিয়ে ওসি আক্তার হোসেন বলেন, এই মাঝি এবং অবৈধভাবে মানুষ পাচারে জড়িতদের বিরুদ্ধে মানবপাচার প্রতিরোধ আইনে মামলা করা হচ্ছে।
মনুজুরুল আলম ছনুয়া ইউনিয়নের মৃত সালেহ আহমেদের ছেলে।
উদ্ধার করা লোকদের পরে তাদের স্বজনদের কাছে হস্তান্তর করা হবে বলে জানান এই পুলিশ কর্মকর্তা।
স্থানীয় সাংবাদিকরা উদ্ধার হওয়া লোকদের বরাত দিয়ে জানিয়েছেন, মালয়েশিয়া পাঠানোর নামে একটি চক্র তাদের প্রতিজনের কাছ থেকে দুই লাখ টাকা করে আদায় করে। বাঁশখালী উপকূল থেকে তাদের ট্রলারে করে মাঝ সমুদ্রে জাহাজে তুলে দিয়ে মালয়েশিয়া পাঠানোর কথা ছিল।
সম্প্রতি চট্টগ্রাম ও কক্সাবাজারের বিভিন্ন পয়েন্টে সমুদ্র উপকূল দিয়ে মালয়েশিয়ায় অবৈধভাবে মানুষ পাচারের চেষ্টা করছে একটি শক্তিশালী চক্র।
এর আগেও কয়েকদফায় র্যাব, পুলিশ ও কোস্টগার্ড সদস্যরা অবৈধভাবে মালয়েশিয়া যাওয়ার চেষ্টাকালে অনেককে আটক করে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/এইচএ/১৮৪৭ ঘ.
bdnews24