২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নবীকে নিয়ে ছবি’র ক্লিপ সরাতে গুগলকে চিঠি

ইসলাম ও হযরত মোহাম্মদকে (স.) ‘হেয় করে নির্মিত’ চলচ্চিত্র ‘ইনোসেন্স অব মুসলিম’ এর ভিডিও ক্লিপ সরিয়ে নিতে ইন্টারনেট সার্চ ইঞ্জিন গুগলকে সরকারের পক্ষ থেকে চিঠি দেওয়া হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Sep 2012, 12:23 PM

Updated : 24 Aug 2022, 12:09 PM

ঢাকা, সেপ্টেম্বর ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ইসলাম ও হযরত মোহাম্মদকে (স.) ‘হেয় করে নির্মিত’ চলচ্চিত্র ‘ইনোসেন্স অব মুসলিম’ এর ভিডিও ক্লিপ সরিয়ে নিতে ইন্টারনেট সার্চ ইঞ্জিন গুগলকে সরকারের পক্ষ থেকে চিঠি দেওয়া হয়েছে। বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) রোববার এই চিঠি দেয় বলে জানিয়েছেন কমিশনের ভারপ্রাপ্ত চেয়ারম্যান গিয়াসউদ্দিন আহমেদ। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, “ভিডিও ক্লিপটি সরিয়ে নিতে গতরাতে গুগলকে চিঠি দেয়া হয়েছে।” তবে সোমবার বিকেল পর্যন্ত এ বিষয়ে গুগল কর্তৃপক্ষের কাছ থেকে কোনো উত্তর পাওয়া যায়নি বলে জানান গিয়াসউদ্দিন আহমেদ। চিঠির উত্তর না দিলে বা ভিডিও ক্লিপটি সরিয়ে না নিলে গুগল বা ইউটিউব ব্লক করে দেওয়া হবে কি না জিজ্ঞেস করা হলে ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, “পরবর্তী সিদ্ধান্ত সরকার নেবে। আমরা গুগলের উত্তরের অপেক্ষায় আছি।” গত ২৩ জুন যুক্তরাষ্ট্রে মুক্তি পাওয়া ‘ইনোসেন্স অব মুসলিম’ নামের চলচ্চিত্রটি ইন্টারনেটে ছড়িয়ে পড়লে সম্প্রতি মধ্যপ্রাচ্যে ব্যাপক বিক্ষোভ শুরু হয়। লিবিয়া ও মিশরে ইসলামপন্থীরা যুক্তরাষ্ট্রের দূতাবাসে হামলা চালায়। রকেট হামলায় নিহত হন লিবিয়ায় যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ক্রিস্টোফার স্টিভেনসসহ চার জন। বাংলাদেশেও কয়েকটি ইসলামী সংগঠন বিক্ষোভ প্রদর্শনের পাশাপাশি যুক্তরাষ্ট্রের পতাকায় অগ্নিসংযোগ করে। এই প্রেক্ষাপটে শনিবার বাংলাদেশ সরকারের পক্ষ থেকেও ‘ইনোসেন্স অব মুসলিম’ মুক্তি দেয়ার প্রতিবাদ জানানো হয়। বিভিন্ন দেশে বিক্ষোভের মুখে ইতোমধ্যে ভারত, মিশর ও লিবিয়ায় ইউ টিউবে ধারণকারী ওই চলচ্চিত্রের অংশবিশেষ সরিয়ে ফেলা হয়েছে বলে গুগল জানিয়েছে। এছাড়া আফগানিস্তানে ইউ টিউব ওয়েবসাইটই ব্লক করে দিয়েছে সরকার। ইন্দোনেশিয়াও ভিডিওচিত্রটি সরিয়ে নেয়ার জন্য গুগলের প্রতি আহ্বান জানিয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএইচএ/এএইচ/এইচএ/১৮১৬ ঘ.