নোয়াখালী, সেপ্টেম্বর ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-নোয়াখালী সরকারি কলেজে সোমবার সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের মিছিলে ছাত্র শিবিরের হামলায় পাঁচ নেতাকর্মী আহত হওয়ার অভিযোগ উঠেছে।
ছাত্র ফ্রন্ট নেতারা জানান, হামলায় ছাত্র ফ্রন্ট কলেজ শাখা সভাপতি মনির উদ্দিন লাভলু, সহ-সভাপতি শুভ দেবনাথ, সাধারণ সম্পাদক আনোয়ারুল হক পলাশ, সাংগঠনিক সম্পাদক জসিম উদ্দিন খোকন ও শাহিদুল ইসলাম রাকিব আহত হয়েছেন।
তাদের নোয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেয়া হয়েছে।
আহত আনোয়ারুল হক পলাশ অভিযোগ করেন, শিক্ষা দিবস উপলক্ষে দুপুর ১২টার দিকে কলেজ ক্যাম্পাসে তারা মিছিল বের করেন।
মিছিলটি বিজ্ঞান অনুষদ থেকে বাণিজ্য অনুষদে প্রবেশ করার সময় শিবিরকর্মীরা মিছিলকারীদের উদ্দেশে কটুক্তি করলে দু’পক্ষের মধ্যে কথা কাটাকাটি হয়।
এক পর্যায়ে শিবিরের ১৫/২০ জন কর্মী পেছন থেকে তাদের মিছিলে হামলা চালায়।
পরে সাধারণ ছাত্রছাত্রীরা এগিয়ে এলে শিবির সমর্থকরা চলে যায়।
অভিযোগ অস্বীকার করে শিবিরের কলেজ শাখা সভাপতি মিনহাজুল আনোয়ার মিশু বলেন, ফন্টের মিছিল থেকে শিবিরের উদ্দেশে খারাপ মন্তব্য করলে দু’পক্ষের কর্মীদের মধ্যে কথা কাটাকাটি হয়। কোনো হামলা হয়নি।
সুধারাম থানার উপ-পরিদর্শক (এসআই) ইয়াছিন ফারুক বলেন, হামলার বিষয়ে ছাত্র ফ্রন্টের নেতাকর্মীদের লিখিত অভিযোগ দেয়ার জন্য বলা হয়েছে। এরপর ব্যবস্থা নেয়া হবে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমডি/ডিডি/১৬১৬ ঘ.
bdnews24