ঢাকা, সেপ্টেম্বর ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নিয়মিত ফ্লাইটসূচিতে বিপর্যয় নিয়েই এবার হজ ফ্লাইট শুরু করেছে বিমান।
বিমানের একটি বোয়িং-৭৭৭ সোমবার ভোর ৫টায় ৪১৯ জন হজযাত্রী নিয়ে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে যাত্রা করে।
এরপর সকাল ১১টায় সৌদি আরবের উদ্দেশে পাড়ি দেয় বিমানের আরেকটি বোয়িং-৭৭৭ উড়োজাহাজ।
বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের জনসংযোগ কর্মকর্তা মোশাররফ হোসেন সাংবাদিকদের জানিয়েছেন, এ দুটি ছাড়াও বিকাল ৫টায় আরেকটি বোয়িং-৭৭৭ এবং রাত ১০টায় ভাড়ায় আনা একটি বোয়িং-৭৪৭ উড়োজাহাজ হজযাত্রীদের নিয়ে উড়াল দেবে।
সকাল সাড়ে ৯টায় হজ যাত্রীদের নিয়ে যাত্রা করে সৌদি আরবের ন্যাশনাল এয়ার সার্ভিসের (নাস এয়ার) আরেকটি ফ্লাইট।
হজযাত্রী বহনকারী অন্য সংস্থা সৌদি অ্যারাবিয়ান এয়ারলাইন্স ২১ সেপ্টেম্বর বেলা ১টা থেকে হজযাত্রী পরিবহন শুরু করবে।
হজযাত্রী পরিবহনের জন্য ১৬টি রুটে ২৬টি নিয়মিত ফ্লাইট বাদ দিয়েছে বিমান। এর মধ্যে পর্তুগাল থেকে ভাড়ায় আনা একটি উড়োজাহাজ কিছু না জানিয়েই চলে যাওয়ায় রাষ্ট্রীয় পতাকাবাহী এই সংস্থার ফ্লাইটসূচিতে বিপর্যয় নেমেছে।
রোববার বিমানের নির্ধারিত তিনটি ফ্লাইট বাতিল হওয়ায় দুর্ভোগে পড়ে যাত্রীরা।
মন্ত্রণালয়ের ঘোষিত ফ্লাইটসূচি অনুসারে ২০ অক্টোবর পর্যন্ত হজযাত্রী পরিবহনের কথা রয়েছে রাষ্ট্রীয় পতাকাবাহী সংস্থার। বিমান ফিরতি ফ্লাইট শুরু করবে ১ নভেম্বর থেকে, শেষ হবে আগামী ২৯ নভেম্বর।
নাস এয়ারের ফিরতি ফ্লাইট শুরু হবে ৩০ অক্টোবর, শেষ হবে ২৮ নভেম্বর। সৌদি অ্যারাবিয়ান এয়ারলাইন্স হজ পরবর্তী ফিরতি ফ্লাইট শুরু করবে ৩০ অক্টোবর এবং শেষ হবে ৩০ নভেম্বর।
সৌদি আরব সরকার এবং বাংলাদেশ সরকারের মধ্যে স্বাক্ষরিত হজযাত্রী পরিবহন সংক্রান্ত চুক্তি অনুসারে এ বছর কোনো তৃতীয় বিমান সংস্থা বা থার্ড ক্যারিয়ারকে হজযাত্রী পরিবহনের দায়িত্ব দেয়া হয়নি।
থার্ড ক্যারিয়ার না থাকায় হজযাত্রী পরিবহনে বিশৃঙ্খলা হতে পারে, এ দাবি করে আসছে হজ এজেন্সিগুলো।
এ বছর মোট ১ লাখ ১২ হাজার ৫৬৮ জন হজ করতে যাওয়ার অনুমোদন পেয়েছেন। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় যাচ্ছেন ২ হাজার ৯৬৫ জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় যাচ্ছেন ১ লাখ ৯ হাজার ৬০৩ জন। এর মধ্যে বিমান পরিবহন করছে ৫৬ হাজার ২৮৪ জন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএইচএ/আরএ/এমআই/১৬১৪ ঘ.
bdnews24