২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চাঁপাইয়ে জামায়াত নেতাকর্মীর বিরুদ্ধে মামলা

পুলিশের ওপর হামলার অভিযোগে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলা জামায়াত আমীর ও সেক্রেটারিসহ দেড় শতাধিক নেতাকর্মীর বিরুদ্ধে মামলা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Sep 2012, 10:07 AM

Updated : 24 Aug 2022, 12:09 PM

চাঁপাইনবাবগঞ্জ, সেপ্টেম্বর ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পুলিশের ওপর হামলার অভিযোগে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলা জামায়াত আমীর ও সেক্রেটারিসহ দেড় শতাধিক নেতাকর্মীর বিরুদ্ধে মামলা হয়েছে। রোববার সন্ধ্যায় শিবগঞ্জ থানার উপ-পরিদর্শক দুলাল উদ্দিন বাদী হয়ে মামলাটি দায়ের করেন। এতে উপজেলা জামায়াতের আমীর ইউনুস আলী ও সেক্রেটারি সাদিকুল ইসলামসহ ১৯ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত পরিচয় আরো ১৫০ জনকে আসামি করা হয় বলে পুলিশ জানিয়েছে। মামলার তদন্ত কর্মকর্তা উপ-পরিদর্শক (এসআই) দুলাল উদ্দিন সাংবাদিকদের বলেন, প্রশাসনের অনুমতি ছাড়া রোববার বিকাল সোয়া ৫টার দিকে উপজেলা জামায়াত অফিস থেকে একটি বিক্ষোভ মিছিল বের করে জামায়াত ও শিবির নেতাকর্মীরা। মিছিলে বাধা দিলে তারা পুলিশের ওপর ইটপাটকেল নিক্ষেপ করে এবং লাঠিসোটা নিয়ে হামলা চালায়। পরে পুলিশ লাঠিপেটা করে এবং কাঁদানে গ্যাস ছোড়ে। হামলায় পুলিশ কনস্টেবল নুরুল, রাজ্জাক, শওকাতুল ও শরিফুলসহ অন্তত ২০ জন আহত হয়। এ ঘটনায় রোববার সন্ধ্যায় জামায়াত কার্যালয় থেকে ১৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমডি/ডিডি/১৫৫০ ঘ.