নারায়ণগঞ্জ, সেপ্টেম্বর ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নারায়ণগঞ্জ সদরের সিদ্ধিরগঞ্জে পোশাক শ্রমিকদের সঙ্গে পুলিশের সংঘর্ষের ঘটনায় মামলা হয়েছে।
সোমবার সকালে সিদ্ধিরগঞ্জ থানায় উপ-পরিদর্শক (এসআই) ইয়াসিন মিয়া বাদী হয়ে মামলাটি দায়ের করেন।
এতে কারখানা শ্রমিক ও বহিরাগতসহ ১১৫ জনের নাম উল্লেখ এবং অজ্ঞাত পরিচয় আরো কয়েকশ’ জনকে আসামি করা হয়।
ছিনতাই বৃদ্ধির প্রতিবাদ এবং শ্রমিক হত্যার গুজবে রোববার আদমজী ইপিজেডে পোশাক শ্রমিকদের সঙ্গে পুলিশের সংঘর্ষে অর্ধ শতাধিক আহত হয়। ঢাকা-চট্টগ্রাম ও ঢাকা-সিলেট মহাসড়ক আড়াই ঘণ্টা অবরুদ্ধ ছিল।
এদিকে সোমবার সকালে আদমজী ইপিজেডে বিভিন্ন পোশাক কারখানার শ্রমিকদের কাজে যোগ দিতে দেখা গেছে। ইপিজেড এলাকায় পুলিশ মোতায়ের করা হয়েছে।
সিদ্ধিরগঞ্জ থানার ওসি কামরুল আলম মোল্লা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, আসামিদের বিরুদ্ধে সরকারি কাজে বাধা, পুলিশের উপর হামলা, গাড়িতে অগ্নিসংযোগ, জনস্বার্থ বিঘিœত করে সড়ক অবরোধ, অরাজকতা পরিস্থিতি সৃষ্টির অভিযোগ আনা হয়েছে।
ভিডিও ফুটেজ ও ছবি দেখে মামলায় আসামিদের নাম দেয়া হয়েছে। তবে এখনো কাউকে গ্রেপ্তার করা যায়নি বলে তিনি জানান।
পুলিশ সুপার শেখ নাজমুল আলম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, শ্রমিকদের নিরাপত্তার কথা বলে একটি চক্র পরিকল্পিতভাবে পোশাক শিল্পে অসন্তোষ ও আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতির চেষ্টা করেছে।
তিনি বলেন, ছিনতাইকারীর ছুরিকাঘাতে এক শ্রমিক আহত হলে একটি চক্র রাতে গুজব ছড়িয়ে বিভিন্ন স্থানে কাগজ বিলি করে। এ ঘটনায় কয়েক হাজার শ্রমিক রাস্তায় নেমে আসে।
আদমজী ইপিজেডের কিছু শ্রমিককে কয়েক মাস আগে ছাঁটাই করা হয়। তারাই পরিকল্পিতভাবে এ ঘটনা ঘটিয়েছে বলে তিনি অভিযোগ করেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমডি/১৫৩৬ ঘ.
bdnews24