ফরিদপুর, সেপ্টেম্বর ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- অর্থ আত্মসাতের মামলায় সোনালী ব্যাংকের এক কর্মকর্তাকে ১২ বছরের কারাদণ্ড দিয়েছে ফরিদপুরের একটি আদালত।
দণ্ডিত এবিএম বজলুল রফিক ওরফে তারা সোনালী ব্যাংকের ফরিদপুরের ভাঙ্গা উপজেলা শাখার হিসাবরক্ষক ছিলেন।
সোমবার ফরিদপুরের বিশেষ আদালতের বিচারক মো. শফিকুর রহমান তাকে কারাদণ্ডের পাশাপাশি ১৫ লাখ টাকা জরিমানা এবং অনাদায়ে আরো সাড়ে তিন বছরের কারাদণ্ডের আদেশ দেন।
দুর্নীতি দমন কমিশনের (দুদক) আইনজীবী মজিবর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে এ তথ্য জানান।
তিনি জানান, অভিযোগ প্রমাণিত না হওয়ায় সোনালী ব্যাংকের ওই শাখার ব্যবস্থাপক গুলজার হোসেনকে বেকসুর খালাস দিয়েছে আদালত।
ভাঙ্গা উপজেলা সাবরেজিস্ট্রি অফিসের ১১ লাখ ৩৬ হাজার ৪৫০ টাকা ব্যাংক হিসাবে জমা না দিয়ে আত্মসাতের অভিযোগে সোনালী ব্যাংকের এই দুই কর্মকর্তার বিরুদ্ধে ২০০৮ সালের ৯ মার্চ ভাঙ্গা থানায় এই মামলা করেছিল দুদক।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমডি/এএইচ/১৪৫৯ ঘ.
bdnews24