ঢাকা, সেপ্টেম্বর ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- হলমার্ক অর্থ কেলেঙ্কারি তদন্তে নিরীক্ষা কমিটি কাজ শুরুর আগের দিনই বদলি করে দেয়া হয়েছিল ওই কমিটির গঠনকারীকে। একই কারণে আরো দুই কর্মকর্তাকে বদলি করা হয়।
রোববার দুর্নীতি দমন কমিশন কার্যালয়ে জিজ্ঞাসাবাদ শেষে সাংবাদিকদের এ কথা জানান সোনালী বাংকের আন্তর্জাতিক বাণিজ্য বিভাগের সাবেক মহা ব্যবস্থাপক আ ন ম মাশরুরুল হুদা সিরাজী।
মাশরুরুল হুদা বর্তমানে সোনালী ব্যাংকের রংপুর বিভাগের জিএম হিসাবে কর্মরত রয়েছেন।
সিরাজী বলেন, “গত ১ জানুয়ারি সোনালী ব্যাংকের আন্তর্জাতিক বাণিজ্য বিভাগের জিএম হিসেবে নিযুক্ত হওয়ার পর এই আর্থিক লেনদেনের প্রতিবেদন আমার কাছে আসে। এরপর আমি নিজে দায়িত্ব নিয়ে অডিট টিম গঠন করি, তবে নানান দিক থেকে আমার উপর চাপ আসতে থাকে।”
অডিট টিম কাজ শুরু করার একদিন আগে তাকে সিলেটে বদলি করা হয়েছিল বলেও জানান সিরাজী। এরপর পর্যায়ক্রমে কুমিল্লা ও রংপুরে বদলি হন তিনি।
অডিট টিম গঠনে কোনো বাধা এসেছিল কিনা- জানতে চাইলে সরাসরি কোনো জবাব না দিয়ে সিরাজী বলেন, “এই ঘটনার সুষ্ঠু তদন্তের স্বার্থে এই মুহূর্তে এই সংক্রান্ত কোন তথ্য আমি প্রদান করতে পারব না। তবে আমি ছাড়া আরো দুই জনকে এই ঘটনায় বদলি করা হয়েছিল।”
এই অর্থ কেলেঙ্কারির বিষয়ে রোববার সোনালী ব্যাংকের উচ্চপদস্থ আরো পাঁচ কর্মকর্তাকে জিজ্ঞাসাবাদ করে দুদক।
তারা হলেন, নওশের আলী (মহাব্যবস্থাপক), মোহাম্মদ মাহবুবুল হক (মহাব্যবস্থাপক), মো. মুছা (উপমহাব্যবস্থাপক), শেখ আলতাফ হোসেন (উপমহাব্যবস্থাপক) ও মো. সফিউদ্দিন আহমেদ (উপমহাব্যবস্থাপক)।
দুদক কার্যালয়ে যাওয়া মো. মাহবুবুল হক সাংবাদিকদের জানান, “যখন এই ঘটনা ঘটে তখন আমি এলপিআরে চলে গিয়েছি। এই ঘটনার সঙ্গে আমার কোনো সংযুক্তি নেই।”
তবে ঘটনাটিকে ‘অস্বাভাবিক’ এবং অনাকাক্সিক্ষত বলে উল্লেখ করেন মো. আবু মুছা। তিনি এই ঘটনার সুষ্ঠু তদন্তও দাবি করেন।
একই ঘটনায় এর আগে সোনালী ব্যাংকের রূপসী বাংলা ও কেন্দ্রীয় কার্যালয়ের ২৩ জন কর্মকর্তাকে জিজ্ঞাসাবাদের জন্য তলব করেছিল দুদক।
সোমবার সোনালী ব্যাংকের আরো চার কর্মকর্তাকে জিজ্ঞাসাবাদের জন্য ডাকা হয়েছে।
বাংলাদেশ ব্যাংকের এক নিরীক্ষা প্রতিবেদনে বলা হয়েছে, কতিপয় কর্মকর্তার যোগসাজশে নিয়ম ভেঙে সোনালী ব্যাংকের রূপসী বাংলা শাখা থেকে ছয়টি প্রতিষ্ঠান তিন হাজার ৬০৬ কোটি ৪৮ লাখ টাকা সরিয়ে ফেলেছে, যার মধ্যে হলমার্ক গ্রুপ একাই তুলে নিয়েছে দুই হাজার ৬০০ কোটি টাকার বেশি।
ঋণ দেওয়ায় অনিয়মের অভিযোগে সোনালী ব্যাংকের অন্তত ২০ জন কর্মকর্তাকে ইতোমধ্যে সাময়িক বরখাস্ত করা হয়েছে। ওএসডি করা হয়েছে দুই উপ ব্যবস্থাপনা পরিচালককে। দুর্নীতি দমন কমিশনের (দুদক) পক্ষ থেকে তদন্তও শুরু হয়েছে।
কেন্দ্রীয় ব্যাংক অনিয়মের অভিযোগে সোনালী ব্যাংকের পরিচালনা পর্ষদ ভেঙে দেওয়ারও সুপারিশ করলেও অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত এর বিরোধিতা করেন। এই কেলেঙ্কারির পর ব্যাপক সমালোচনার মধ্যেই সরকার ব্যাংকের চেয়ারম্যান কাজী বাহারুল ইসলামকে অনির্দিষ্টকালের জন্য পুনর্নিয়োগ দিয়েছে।
এই কেলেঙ্কারির সঙ্গে সরকারের উচ্চ পর্যায়ের লোকজনও জড়িত বলে অভিযোগ করে আসছে প্রধান বিরোধী দল বিএনপি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসডব্লিউ/এএল/২৩১১ ঘ.
bdnews24