পঞ্চগড়, সেপ্টেম্বর ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-দাবি পূরণের আশ্বাসে পঞ্চগড়ে পরিবহন ধর্মঘট প্রত্যাহার করেছে জেলা মোটর মালিক ও শ্রমিক ঐক্য পরিষদ।
রোববার সন্ধ্যা ৬টার দিকে ধর্মঘট প্রত্যাহার করা হয় বলে সংশ্লিষ্টরা নিশ্চিত করেন।
জেলার বিভিন্ন রুটে নছিমন, করিমন ও ব্যাটারিচালিত অটোরিকশা বন্ধের দাবিতে রোববার সকাল ৬টা থেকে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘটের ডাক দেয়া হয়।
মোটর মালিক সমিতির সভাপতি ইকবাল কায়সার মিন্টু বলেন, যাত্রীবাহী বাস চলাচলের রুটে নছিমন, করিমন না চলার ব্যবস্থা এবং ১০ দিনের মধ্যে ব্যাটারিচালিত অটোরিকশার রুট নির্ধারণ বিষয়ে পদক্ষেপের আশ্বাসে ধর্মঘট প্রত্যাহার করা হয়েছে।
জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এক সমঝোতা বৈঠকে জেলা প্রশাসক তোফাজ্জল হোসেন মিয়া ও পুলিশ সুপার শাহারিয়ার রহমান এ আশ্বাস দেন বলে জানান তিনি।
জেলা প্রশাসক তোফাজ্জল হোসেন মিয়া বলেন, আলোচনায় সমস্যা সমাধানের উদ্যোগ নেয়া হয়েছে। দাবি পূরণে পর্যায়ক্রমে পদক্ষেপ নেয়ার প্রতিশ্র“তিতে তারা ধর্মঘট প্রত্যাহার করেছেন।
সমঝোতা বৈঠকে আরো উপস্থিত ছিলেন সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান আব্দুল খালেক, মোটর মালিক সমিতির সাধারণ সম্পাদক তাজিরুল ইসলাম তাজুসহ মালিক সমিতি ও বিভিন্ন শ্রমিক ইউনিয়নের নেতৃবৃন্দ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমডি/১৮৪০ ঘ.
bdnews24